খুলনায় পুলিশকে কোপাল জামায়াত
পিটিয়ে ও খুলনায় জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের প্রথম দিন আজ রোববার তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছেন। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।আহত তিন পুলিশ কর্মকর্তা হলেন: ফুলতলা থানার ওসি মামুনুর রশীদ (৪৮), সহকারী উপপরিদর্শক জাহিদ হোসেন (৩৫) ও নায়েক কেরামত আলী (৫০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে বিএনপি-জামায়াতের কয়েক শ কর্মী-সমর্থক ফুলতলা উপজেলার যুগ্নিপাশা মাদ্রাসার কাছে খুলনা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে ফুলতলা থানার পুলিশ সেখানে গেলে সড়ক অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও শটগান থেকে গুলি ছোড়ে। একপর্যায়ে হরতালের সমর্থকেরা পুলিশ কর্মকর্তাদের ঘিরে লাঠি দিয়ে পেটাতে থাকে এবং দা দিয়ে মাথায় কোপায়। এতে ওই তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এলাকাবাসী জানায়, এ ঘটনায় অবরোধকারীদের মধ্যে অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিত্সক গোলাম মোর্শেদ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে নায়েক কেরামত আলীর মাথায় ও হাতে ৩০টি সেলাই দিতে হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। আর ওসি মামুনুর রশীদের মাথায় ২০টির বেশি সেলাই দিতে হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘জামায়াতের হরতাল হলেও বিএনপির নেতা ৪ নম্বর ফুলতলা ইউপি চেয়ারম্যান আবুল বাশারের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় পুলিশের একটি গ্যাসগান খোয়া গেছে। আর ওসির রিভলবারটি ভাঙচুর করা হয়েছে। আমাদের অভিযানে ইতিমধ্যে ১০ জনকে আটক করা হয়েছে।’