খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০
খুলনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ রোববার ১০ জন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলার বাইপাস সড়কের লতাখামার বাড়ি এলাকায় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা নড়াইল থেকে খুলনায় খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে আসছিল। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, নড়াইলের লোহাগড়া থেকে খুলনার দিকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে জিরো পয়েন্ট এলাকা থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আটজন নিহত হয়। এ সময় আরও ১৯ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিত্সাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নড়াইলের মালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সুলনাতুজ্জামান সেলিম প্রথম আলোকে জানান, হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গণ্ডব গ্রামের যুবদল নেতা নাজির (৩৫) ও মুরাদ (২২) মারা যান। দলীয় নেতা-কর্মী ও নিহতের আত্মীয়স্বজনেরা ঘটনাস্থলে নিহতদের লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তিরা হলেন আমাদা দাখিল মাদ্রাসার শিক্ষক ও বিএনপির নেতা মফিজুর রহমান (৪২), যুবদল নেতা তুরান (৩২), ফয়েজ (৩০), জেমস (২২), এনামুল (২৫), সবুজ (২৩), আজমল (২৮) ও বাসচালক কামরুল (৩৫)। লোহাগড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আজিজুর রহমান প্রথম আলোকে জানান, মোট ছয়টি গাড়িতে করে নড়াইল ও এর আশপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা-কর্মী খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে আসে। খুলনায় প্রবেশের পথে বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।