খুলনায় ভাঙচুর ও সড়ক অবরোধ
খুলনা নগরের শিরোমণি মীরবাড়ি এলাকায় শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে সড়ক অবরোধ করেছেন। এ সময় তাঁরা তিনটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করেন। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে মিছিল বের করে বিএনপি, যুবদল ও জামায়াত-শিবির।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত্ মীরবাড়ি এলাকায় জামায়ত-শিবিরের ৫০-৬০ জন নেতা-কর্মী জড়ো হয়ে খুলনা-যশোর সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ওই সড়কে চলাচলকারী যাত্রীবাহী তিনটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁরা পালিয়ে যান।এদিকে, হরতালের সমর্থনে ভোর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত নগরের কোর্ট এলাকায় মিছিল করেছে বিএনপি ও যুবদল। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারীরা কোর্ট এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ ছাড়া নগরের শিপইয়ার্ড ও তালতলা এলাকায় শিবির ঝটিকা মিছিল বের করে।অন্যদিকে, ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়ত-শিবিরের কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁরা পালিয়ে যান।