খুলনায় মওদুদ ও তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা মওদুদ আহমদ ও জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে আজ রোববার খুলনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। সকালে খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী এম এম সাজ্জাদ আলী বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটিকে এজাহার হিসেবে নেওয়ার জন্য খুলনা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মওদুদ আহমদ ও সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সরকার উৎখাতের বিষয়ে বক্তব্য দেন। জামায়াত নেতা বলেন, ‘সময় এলে যথাযথ ব্যক্তি ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকার সব কিছুতেই বাড়াবাড়ি করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, জামায়াতের দেড় থেকে দুই কোটি সমর্থক রয়েছে। ফোর্স রিজার্ভ আছে, যথাযথ সময় যথাযথ ব্যক্তি ও সরকারের ওপর প্রয়োগ করা হবে।’ এটি রাষ্ট্রদ্রোহের সামিল। এ কারণেই মামলাটি করা হয়েছে।