প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি
খুলনায় শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পঞ্চগড়ে সমন
খুলনায় আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই অভিযোগে বগুড়ায়ও মামলা হয়েছে। আর পঞ্চগড়ে করা আরেকটি মামলায় আদালত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।আমাদের খুলনা প্রতিনিধি জানান, আওয়ামী যুবলীগের খুলনা জেলা শাখার সহসভাপতি জুলফিকার আলী জুলু আজ খুলনা মুখ্য মহানগর হাকিম ও আমলি আদালত-১-এর আদালতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে মামলাটি করেন। খুলনার মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামান নালিশি মামলাটি দণ্ডবিধির ৫০৬ ধারায় আমলে নেন এবং মামলার আসামি শাহ মোয়াজ্জেম হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।বগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বগুড়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি তারাজুল ইসলাম বাদী হয়ে আজ জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। বগুড়ার বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তবিবর রহমান আদালতে মামলা দায়েরের কথা স্বীকার করেছেন।আমাদের পঞ্চগড় প্রতিনিধি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালত আজ বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিয়েছেন। মামলার অন্য দুই আসামি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেনকে আগামী ২৮ সেপ্টেম্বর সশরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমনও জারি করা হয়েছে। পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম মো. জাফরোল হাসান আজ এ আদেশ দেন। তিনি আরও বলেন, আজ দুপুরে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান দণ্ডবিধি ৫০৫ (ক), (খ), ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার মামলাটি দায়ের করা হলেও মামলাটি ফিরিয়ে নিয়ে আজ নতুন করে দায়ের করা হয়।আজ সকালে বগুড়া ও খুলনায় পৃথক মামলা দুটি দায়ের করা হয়। আর দুপুরে পঞ্চগড়ে খোন্দকার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দিয়ে অন্য দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।