খুলনায় শিবিরের ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ সোমবার সকালে খুলনা নগরে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এ সময় তারা খানজাহান আলী সড়ক এবং কবরখানা মোড়ে গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় মহানগর জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ জনকে আটক করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে নগরের টুটপাড়া কবরখানা মোড়ে শিবিরের এক থেকে দেড় শ নেতা-কর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে খানজাহান আলী সড়ক অবরোধ করে জোঞার্দার পরিবহনের একটি বাস ও একটি ইজিবাইক ভাঙচুর এবং আরেকটি ইজিবাইকে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ সময় তাঁরা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান। পরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে এবং সোনাডাঙ্গা থানার বিভিন্ন জায়গা থেকে ২০ জনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহবুদ্দিন আজাদ বলেন, মহানগর জামায়াতের নায়েবে আমির আবদুল মতিনের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। এ সময় মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। এ ঘটনায় নায়েবে আমিরসহ জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।সোনাডাঙ্গা মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, এ ঘটনার পর বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।