খুলনায় হরতালে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আজ শনিবার জামায়াতের ইসলামীর ডাকা আধাবেলা হরতালে ফুলতলা উপজেলার কয়েকটি স্থানে ১০টি গাড়ি ভাঙচুর করেছে হরতালের সমর্থকেরা। এ ছাড়া ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত বৃহস্পতিবার হরতালে ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামে পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে মনসুর গাজী নামের এক ব্যক্তি নিহত হন। এর প্রতিবাদে আজ হরতালের ডাক দেয় মহানগর ও জেলা জামায়াতে ইসলামী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে ফুলতলায় মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে তাঁরা ফুলতলার খুলনা-ঢাকা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলার নতুন হাট, যুগনিপাশা, বুড়িয়াডাঙ্গা ও এম এম কলেজের সামনে পাঁচটি বাস, তিনটি ট্রাক ও দুইটি মাইক্রোবাস ভাঙচুর করেন। এ ছাড়া ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গেলে তাঁরা পালিয়ে যান। এ ছাড়া সকাল সাড়ে ছয়টার দিকে বসুপাড়ার আলামিন গলি এলাকায় সোনাডাঙ্গা থানা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মওলানা শাহরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল হয়।এইচএসসি ও সমমানের পরীক্ষা হরতালের আওতামুক্ত ছিল। আজ খুলনায় যথারীতি এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।হরতালে নগরের যান চলাচল স্বাভাবিক ছিল। তবে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।