খুলনার এক হোটেল থেকে একজন নারীর লাশ উদ্ধার
খুলনা মহানগরের প্রাণকেন্দ্রে ডাকবাংলো মোড়ে অবস্থিত আবাসিক হোটেল রাজমুকুট থেকে হাসিনা বেগম (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা দুইটার দিকে পুলিশ হোটেলের পঞ্চমতলার ৫০৫ নম্বর কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, গতকাল শনিবার রাতেই তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।খুলনা সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির প্রথম আলোকে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে জনৈক রাজু আহমেদ (৪০) স্ত্রী পরিচয় দিয়ে হাসিনা বেগমকে নিয়ে হোটেলের পঞ্চম তলার ৫০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।আজ সকালে বাইরে থেকে কক্ষটি তালা দিয়ে রাজু চলে যান। দুপুরে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় বিকল্প চাবি দিয়ে কক্ষের ভেতরে ঢোকেন। সেখানে খাটের ওপর মশারির ভেতর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় হাসিনা বেগমের লাশ দেখতে পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস প্রথম আলোকে জানান, হোটেলের রেজিস্ট্রার বইয়ের তথ্যানুযায়ী ওই নারীর নাম হাসিনা বেগম। বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার রহিমাবাদ এলাকায়। এ ঠিকানা সঠিক কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে, রাজু পলাতক।