খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ কারখানা বন্ধ ঘোষণা
ব্যাংক ঋণের জটিলতা ও চলতি মূলধনের অভাব দেখিয়ে গতকাল বুধবার খুলনায় রূপসায় ঐতিহ্যবাহী দাদা ম্যাচ কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানার মূল ফটকে টাঙানো এক বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধ এবং সেখানে কর্মরত সাড়ে ৭০০ শ্রমিককে অব্যাহতির ঘোষণা দেওয়া হয়। গতকাল সকালে কারখানায় এসে শ্রমিকেরা বিজ্ঞপ্তি দেখে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি মোকাবিলায় কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।দাদা ম্যাচ ফ্যাক্টরি ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল। এতে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজের মালিকানা ৭০ ভাগ ও সরকারের মালিকানা ছিল ৩০ ভাগ। ফেব্রুয়ারি মাস থেকে কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হলেও শ্রমিক-কর্মচারীদের হাজিরা নেওয়া হচ্ছিল। এর আগে ২০০৩ সালে কারখানাটি চার মাস ১৭ দিন বন্ধ ছিল। ১৯৫৬ সালে ১৯ একর জমির ওপর কারখানাটি প্রতিষ্ঠিত হয়।শ্রমিক, পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল ভোরের দিকে কারখানার ফটকে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মারুফ সাত্তার আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি টাঙানো হয়। এতে কারখানা স্থায়ীভাবে বন্ধ এবং ৫০০ স্থায়ী ও আড়াই শ অস্থায়ী শ্রমিককে চাকরি থেকে অব্যাহতির কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার চাহিদা হ্রাস, উৎপাদনব্যয়ের চেয়ে কম দামে বিক্রি এবং চলতি মূলধনের অভাবের মধ্যেও সীমিত পর্যায়ের উৎপাদন দিয়ে কারখানাটি চালু রাখা হয়েছিল। একপর্যায়ে গত ফেব্রুয়ারিতে কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে সরকারি উচ্চমহলের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আর্থিক ক্ষতি মেনে কারখানা খোলা রাখা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। এর মধ্যে ব্যাংক ঋণের নিষ্পত্তি এবং চলতি মূলধন সংগ্রহের ব্যবস্থা করা যায়নি। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের পক্ষে কারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না। তাই ১৮ আগস্ট সকাল ছয়টা থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ নিরাপত্তা শাখা ছাড়া কারখানার সব শ্রমিক-কর্মচারীকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২৬ ধারামতে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবার স্থায়ী ঠিকানায় এ সংক্রান্ত চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী সবার পাওনা পরিশোধ করা হবে। তবে কত দিনের মধ্যে পাওনা পরিশোধ করা হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। গতকাল সকালে শ্রমিক-কর্মচারীরা কারখানায় গিয়ে মূল ফটকে বিজ্ঞপ্তি দেখে বিক্ষোভ শুরু করেন। অনেকে কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। পরে শ্রমিকেরা সেখানে কারখানা চালুর দাবিতে মিছিল-সমাবেশ করেন। পরিস্থিতি মোকাবিলায় কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার রাতে মালিক পক্ষ কারখানার সিবিএ সভাপতি দিলখুশ এবং সাধারণ সম্পাদক এইচ এম এ শাহাদতকে ঢাকায় ডেকে পাঠান। গতকাল সকালে তাঁরা ঢাকায় পৌঁছে জানতে পারেন মিল বন্ধ ঘোষণা করা হয়েছে। শাহাদতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জানার জন্য ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলী এবং কারখানার মহাব্যবস্থাপক মাহবুবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের ফোনও বন্ধ পাওয়া যায়। খুলনা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার স্থায়ী শ্রমিক মঞ্জুরুল ইসলাম, হুমায়ুন কবীর, বেলায়েত হোসেনসহ কয়েকজন জানান, গত নভেম্বর থেকে স্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। তাঁরা অভিযোগ করেন, কারখানা বন্ধের জন্য পরিকল্পিতভাবে দফায় দফায় উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। এখন তা বন্ধ করে দিয়ে শ্রমিকদের পথে বসানো হলো। ব্যক্তিগত লাভের জন্যই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।