খুলনার গুলিবিদ্ধ আ.লীগ নেতা নিহত
গুলিবিদ্ধ হওয়ার দীর্ঘ ৫৭ ঘণ্টা পর মৃত্যুর কাছে হার মানলেন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক গাজী আবদুল হালিম। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।খুলনা মহানগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মুন্সি মাহাবুবুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২টা ২০ মিনিটে চিকিত্সকেরা আবদুল হালিমের লাইফ সাপোর্ট খুলে দেন। রাত ১২টা ৪০ মিনিটে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আজ বুধবার তাঁর লাশ খুলনায় আনা হচ্ছে। কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। ওই দিনই বেলা ১১টায় নগরের শহীদ হাদিস পার্কে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দিঘলিয়ায় তাঁর গ্রামে চন্দনীমহল গাজীপাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম খান বলেন, গত সোমবার আবদুল হালিমের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩০ অক্টোবর আবদুল হালিমকে দুর্বৃত্তরা গুলি করে।