খুলনার চার নেতার প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত ‘খুনের পরিকল্পনায় খুলনা আ.লীগের চার নেতা!’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার চার নেতা।প্রতিবাদপত্রে বলা হয়, আওয়ামী লীগ যখন খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একের পর এক উন্নয়ন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় একটি কুচক্রী মহল দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিথার হত্যা মামলায় তাঁদের জড়িয়ে সংবাদ পরিবেশন করেছে, যা মিথ্যা, উদ্দেশ্যমূলক, বানোয়াট ও ভিত্তিহীন।খুলনা মহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি কাজী আমিনুল হক, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান (পপলু) প্রতিবাদপত্রে সই করেন। এতে বলা হয়, একটি মামলা তদন্তকালীন ওই মামলার গোপনীয়তা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে ওই মামলার সম্ভাব্য আসামিরা আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের দোষী বলে সংবাদ প্রকাশ করাও দণ্ডনীয় অপরাধ।প্রতিবাদপত্রে এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।প্রতিবেদকের বক্তব্য: যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি শহিদ ইকবাল (বিথার) হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হওয়া আসামিরা ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, তার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সূত্রের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।জবানবন্দিতে ওই চার নেতার নাম উল্লেখ রয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে চার নেতার বক্তব্যও রয়েছে। কাউকে দোষী হিসেবে উল্লেখ করা হয়নি।বরং আওয়ামী লীগের পক্ষ থেকেই এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার চাওয়া হয়েছে। খুলনার মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেছেন, ‘জবানবন্দিতে যাঁদের নাম এসেছে, আমরা তাঁদের বিচার চাই। খুনি যে দলেরই হোক, বিচার করতে হবে।’