খুলনার জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৮
খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমিরসহ ১৮ জনকে আজ বুধবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মিয়া গোলাম পরোয়ার, সরকারি বি এল কলেজ ছাত্রশিবিরের সভাপতি আজিজুল ইসলাম এবং জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী তাওহিদুল, আজিজুল, শফিকুল, আলমগীর, সাইফুল হাসান, বদিউজ্জামান, মুজাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, রেজাউল করিম, আমিনুল, জাহাঙ্গীর আলম, ইমরান খালিদ, ফরিদ উদ্দিনসহ ১৮ জন।পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াতে ইসলামী।বিকেল সাড়ে চারটার দিকে নগরের ডাকবাংলা মোড়ের জামে মসজিদের সামনে মিছিলকারীরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে। মিছিলকারীরা পাল্টা ইটের বড় বড় খোয়া এবং লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।এতে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির-উল গিয়াস ও উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম গুরুতর আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের লাঠিচার্জে এ সময় বেশ জামায়াতের কয়েকজন কর্মীও আহত হন। এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ওই ১৮ জনকে আটক করে।এ বিষয়ে খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।