খুলনার ডুমুরিয়ায় বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারমাইল এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতেরা সবাই নসিমনের যাত্রী ছিল।আজ শনিবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—কেশবপুর উপজেলার ভায়না গ্রামের মফিজ উদ্দিন (৭০), চুকনগরের ভীম পাল (৩০) ও অজ্ঞাতনামা এক নারী। আহতদের খুলনা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে আঠারমাইল মসজিদের পাশ থেকে যাত্রীবাহী একটি নসিমন হঠাত্ রাস্তার উত্তর পাশে যাওয়ার সময় খুলনাগামী একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই নারী ও মফিজ উদ্দিনের মৃত্যু হয়। আহত হয় আরও পাঁচজন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভীম পালেরও মৃত্যু হয়।ডুমুরিয়া উপজেলার চুকনগর সড়ক পুলিশের (হাইওয়ে) দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি চুকনগর পেট্রলপাম্পের কাছে ফেলে রেখে চালক পালিয়েছেন। তবে গাড়িটি জব্দ করা হয়েছে।