খুলনার দাদা ম্যাচ কারখানা বন্ধ হওয়ার উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঁচামালের অভাবে খুলনার ঐতিহ্য দাদা ম্যাচ কারখানার উত্পাদন গত ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে। কবে আবার উত্পাদন শুরু হবে তা কেউ বলতে পারছে না। শ্রমিকদের আশঙ্কা, যেকোনো সময় মালিকপক্ষ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, খুলনা নগরের দক্ষিণে রূপসা নদীর পারে ১৯৫৬ সালে স্থাপিত এ কারখানাটি ১৯৭৩ সালে জাতীয়করণ করা হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিসিআইসি) ব্যবস্থাপনায় শুরুতে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তখন এ কারখানায় প্রায় দুই হাজার স্থায়ী ও আড়াই হাজার অস্থায়ী শ্রমিক ছিল। প্রথম দিকে বছরে কারখানা থেকে পাঁচ কোটি টাকা লাভ করার পাশাপাশি ছয় কোটি টাকা সরকারকে রাজস্ব দেওয়া হতো। কিন্তু ১৯৮৪ সালে তত্কালীন সামরিক সরকার মাত্র ৩০ শতাংশ হাতে রেখে বাকিটা সুইডিশ সরকার ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর করে। ১৯৯২ সালে সুইডিশ কোম্পানি কারখানাটি চালাতে অপারগতা প্রকাশ করে। এ সময় ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ কোম্পানির চেয়ারম্যান মাকসুদ আলী কারখানার মালিকানা গ্রহণ করেন। এরপর শুরু হয় শ্রমিক ছাঁটাই। বর্তমানে মাত্র ৪৫০ জন স্থায়ী ও ১০০ জন অস্থায়ী শ্রমিক কারখানায় কাজ করছেন। বর্তমান সিবিএর সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাত্ জানান, একটি লাভজনক প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে রুগ্ণ শিল্প আখ্যা দিয়ে মালিকপক্ষ মিলটি বন্ধের অপচেষ্টা করছে। ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর মালিকপক্ষ, সরকার ও সিবিএর সঙ্গে আট দফা দাবি সংবলিত ত্রিপক্ষীয় চুক্তি হয়। ওই চুক্তিতে মালিকপক্ষ পরিকল্পিতভাবে শর্ত জুড়ে দেয় যে ’৯৪ সালের ৩১ ডিসেম্বর মিলের সব শ্রমিক চাকরি থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করবেন এবং ওই সময়কার প্রাপ্ত বেতনের অর্ধেকে চাকরি করবেন। চুক্তির আরেক শর্ত অনুযায়ী ওই সময়ে শ্রমিকদের পাওনা ১৪ কোটি টাকা তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে পরিশোধের কথা বলা হলেও মালিকপক্ষ তা আজও পরিশোধ করেনি। একই সঙ্গে উত্পাদনও কমিয়ে দেওয়া হয়। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি থেকে একেবারেই শূন্যের কোঠায় নেমে যায় উত্পাদন। বর্তমানে মিলটির সাড়ে ৫০০ শ্রমিক-কর্মচারীর চার মাসের বেতন বাবদ ২৮ লাখ টাকা এবং ভবিষ্যত্ কল্যাণ তহবিলের (পিএফ) দুই কোটি টাকা পাওনা হয়েছে।শ্রমিকদের সূত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অচলাবস্থা থেকে দাদা ম্যাচ রক্ষার উদ্যোগ নেওয়া হয়। গত বছর ১৫ মে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বস্ত্র ও পাটমন্ত্রী আ. লতিফ সিদ্দিকী, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ ক্ষমতাসীন দলের নেতারা মিলটি পরিদর্শনে আসেন। ওই সময় মিলটি সঠিকভাবে চালানোর প্রতিশ্রুতি দেন মালিকপক্ষ। কিন্তু মিলটি অচলাবস্থায়ই থাকে। পরে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে মালিকপক্ষকে লিখিতভাবে পত্র দিয়েও অচলাবস্থা দূর করে মিলটি সঠিকভাবে চালানোর অনুরোধ জানানো হয়। মালিকপক্ষ আবারও সময় দাবি করে। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সিবিএর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ৮ ফেব্রুয়ারি মালিকপক্ষের উপস্থিতিতে হয় ত্রিপক্ষীয় বৈঠক। ওই বৈঠকে সরকার শ্রমিক নেতাদের পক্ষ থেকে পাওনা পরিশোধসহ মিল চালানোর আহ্বান জানালে মালিকপক্ষ পুনরায় সরকারের কাছে ঋণ দাবি করে। কিন্তু আগের পাওনা পরিশোধ না করা পর্যন্ত আর কোনো ঋণ দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হলে বিরোধ দেখা দেয়। কারখানার উপব্যবস্থাপক আব্দুজ জহিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।