খুলনার দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না অধিকাংশ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো ফল করেও খুলনার দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না খুলনার অধিকাংশ শিক্ষার্থী। আসনসংকট এবং তীব্র প্রতিযোগিতার কারণে এ সংকট তৈরি হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৫টি স্কুলের ১৮টি বিষয় এবং একটি ইনস্টিটিউটে আসনসংখ্যা ৮১১। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছয়টি বিষয়ে আসনসংখ্যা ৫৪৫। এদিকে শুধু নগরের শীর্ষ চারটি সরকারি এবং দুটি বেসরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩৯০ জন এবং এ গ্রেড পেয়েছেন এক হাজার ৩২৪ জন। এর মধ্যে নগরের সরকারি সিটি কলেজে ১৫৮ জন জিপিএ-৫ এবং ৩৮৫ জন এ গ্রেড, সরকারি মহিলা কলেজে ৮৭ জন জিপিএ-৫ এবং ১৬৭ জন এ গ্রেড, সরকারি সুন্দরবন কলেজে ১৩ জন জিপিএ-৫ এবং এ গ্রেড পেয়েছেন ৩৪৫ জন। সরকারি পাইওনিয়ার কলেজে ১৫, নৌবাহিনী কলেজে ৩৪ এবং পাবলিক কলেজে ৯৫ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া জেলার নয়টি উপজেলার ১৩৫টি কলেজে জিপিএ-৫ এবং এ গ্রেড পেয়েছেন আরও পাঁচ শতাধিক শিক্ষার্থী। অর্থাৎ খুলনার দুটি পাবলিক বিশ্ববিদ্যায়ের এক হাজার ৩৫৬ আসনের বিপরীতে শুধু খুলনাতেই ভালো ফলাফলকারী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি। সেই সঙ্গে উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সারা দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে খুলনার শিক্ষার্থীদের। সে হিসাবে ভালো ফল করা সত্ত্বেও খুলনার দুটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না দেড় হাজারের বেশি শিক্ষার্থী।এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নগরের সরকারি কলেজগুলোতেও রয়েছে আসনস্বল্পতা। এর মধ্যে সরকারি আযম খান কমার্স কলেজে চারটি বিষয়ে আসনসংখ্যা এক হাজার ৫০টি, সরকারি বিএল কলেজে ১৬টি বিষয়ে আসনসংখ্যা তিন হাজার ১৬০টি এবং নগরের সরকারি মহিলা কলেজে আসনসংখ্যা এক হাজার ৩০টি। খুলনা মহানগর ও জেলার কলেজগুলো থেকে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এর দ্বিগুণ। ফলে অর্ধেক শিক্ষার্থী সরকারি কলেজে ভর্তি হতে পারবেন না।বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজগুলোতে আসনসংকটের বিষয়ে খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আহমেদুল কবীর প্রথম আলোকে বলেন, ‘রাতারাতি ভালো কলেজ গড়ে তোলা যায় না। যেসব ভালো কলেজ আছে সেগুলোর অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়িয়ে আসনসংখ্যা বাড়ানো যেতে পারে। এ ছাড়া অন্য কলেজগুলোতে পড়াশোনার মান আরও বাড়িয়ে এ সমস্যার সমাধান করা যেতে পারে।’