খুলনার পাঁচ জেলায় কৃষি ব্যাংকের খেলাপি ঋণ ১৩ কোটি টাকা
চিংড়ি মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ায় রপ্তানি আয় কমে যাওয়া এবং গত বছর আইলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় খুলনা অঞ্চলের কৃষকেরা চিংড়িসহ বিভিন্ন কৃষিকাজে উৎসাহ হারিয়েছেন। পর পর দুটি প্রাকৃতিক দুর্যোগ সিডর ও আইলার ক্ষতি কাটিয়ে উঠতে না পারায় কৃষকেরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।ঋণ আদায় করতে কৃষি ব্যাংক কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। খুলনা বিভাগের পাঁচ জেলায় খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৯৬ লাখ টাকা। এদিকে ঋণ আদায় করতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কৃষকদের নামে আদালতে মামলা দায়ের করেছে। কৃষি ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানান, খুলনা বিভাগের যশোর ও নড়াইল জেলায় সাদা মাছ (চিংড়ি বাদে অন্য মাছ) এবং সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় ব্যাপকভাবে বাগদা ও গলদা চিংড়ির চাষ হচ্ছে। চাষে উৎসাহিত এবং রপ্তানি আয় বাড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষ পাঁচ জেলার ৪২ হাজার মৎস্যচাষির মধ্যে এ পর্যন্ত ২৬০ কোটি ৭৭ লাখ টাকা ঋণ দিয়েছে।ব্যাংকের সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি চিংড়ি মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত উৎপাদন হয়নি। এ ছাড়া ২০০৯ সালের ২৫ মে আইলা নামক প্রাকৃতিক দুর্যোগে জেলার শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর, গাবুরা ও আশাশুনি উপজেলার প্রতাপনগরে শত শত চিংড়িঘের ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে ঋণ আদায় করা যাচ্ছে না। উল্লিখিত দুই উপজেলার চিংড়ি জোন এলাকায় এবার কৃষকেরা আশানুরূপ পোনা ছাড়তে পারেননি। এ কারণে উল্লেখযোগ্য উৎপাদন হয়নি। মৎস্য খাতে জেলায় খেলাপি ঋণের পরিমাণ ৩৩ লাখ টাকা। সব মিলিয়ে এই জেলার সাত উপজেলায় অনাদায়ী কৃষি ঋণের পরিমাণ ৬১ কোটি টাকা।ব্যাংকের বাগেরহাট আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এক হাজার ৯৪২ জন মৎস্য চাষির কাছে খেলাপি ঋণের পরিমাণ চার কোটি ৬১ লাখ টাকা। জেলায় ২০টি শাখা থেকে ঋণ আদায় করতে গিয়ে শাখা হিমশিম খাচ্ছে। এ ছাড়া বিধান অনুযায়ী স্বাভাবিকভাবে মামলা দায়ের হচ্ছে।ব্যাংকের খুলনা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাব্বির জানান, জেলার ২০টি শাখায় চিংড়িচাষিদের কাছে খেলাপি ঋণের পরিমাণ দুই কোটি ৭২ লাখ টাকা। নড়াইল ও যশোরের মৎস্যচাষিদের কাছে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) মো. ইমদাদুল হক জানান, খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপকেরা প্রচেষ্টা চালাচ্ছেন। দক্ষিণাঞ্চলের চিংড়ি রপ্তানি আয় বাড়ানোর লক্ষ্যে ব্যাংক সহায়তা করছে।১১৭ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা: চলতি অর্থবছরে বিভাগের পাঁচ জেলায় মৎস্য খাতে ১১৭ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় ৩৬ কোটি টাকা, বাগেরহাট জেলায় ৩৫ কোটি টাকা, সাতক্ষীরা জেলায় ৩৩ কোটি টাকা, যশোর জেলায় ১০ কোটি টাকা ও নড়াইল জেলায় তিন কোটি টাকা। গত চার মাসে লক্ষ্যমাত্রার ৩১ শতাংশ ঋণ বিতরণ হয়েছে।