খুলনার সেরা ১০ স্কুল
এসএসসি পরীক্ষার ফলাফলে খুলনায় সেরা ১০ স্কুলের তালিকার শীর্ষে রয়েছে মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা। এ স্কুলের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার হারের অনুপাতে ঘোষিত তালিকায় তাদের প্রাপ্ত গড় নম্বর ৮৯ দশমিক ৪০।দ্বিতীয় অবস্থানে রয়েছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই স্কুলের ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১৬ জন। পয়েন্ট তালিকায় প্রাপ্ত গড় নম্বর ৮৬ দশমিক ৬৩। তৃতীয় অবস্থানে রয়েছে খুলনা জিলা স্কুল। শত ভাগ পাস করা এই স্কুলের ৩২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। তাদের প্রাপ্ত গড় নম্বর ৮৫ দশমিক ৮৭। চতুর্থ স্থানে থাকা খুলনা পাবলিক কলেজের প্রাপ্ত গড় নম্বর ৭৬ দশমিক ৪৫। ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮২ জন, জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। সরকারি ল্যাবরেটরি স্কুলের ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পঞ্চম স্থানে থাকা এ বিদ্যালয়ের প্রাপ্ত গড় নম্বর ৭২ দশমিক ১০।পয়েন্ট তালিকায় নৌবাহিনী মাধ্যমিক স্কুল ষষ্ঠ স্থান অর্জন করেছে, প্রাপ্ত গড় নম্বর ৬৭ দশমিক ২৯। ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। সপ্তম স্থানে থাকা খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাপ্ত গড় নম্বর ৬৬ দশমিক ৪৯। শত ভাগ পাস করা এ বিদ্যালয়ের ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। এ ছাড়া রোটারি স্কুল অষ্টম (প্রাপ্ত গড় নম্বর ৬৫ দশমিক ৭৮), সেন্ট জোসেফস স্কুল নবম (প্রাপ্ত গড় নম্বর ৬৪ দশমিক ৩৫) এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল দশম স্থান (প্রাপ্ত গড় নম্বর ৬৩ দশমিক ৬১) অর্জন করেছে।খুলনার সেরা ১০ স্কুলের শীর্ষে থাকা মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল বাবর মোহাম্মদ সেলিম বলেন, ‘শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনব্যবস্থা, কঠোর অনুশীলন, শিক্ষকদের নিবিড় যত্ন, অভিভাবকদের সহযোগিতায় সর্বোপরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালনার কারণে স্কুলটি এত ভালো ফল অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা আশা করছি, আগামীতে যেকোনো পাবলিক পরীক্ষায় সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।’