খুলনার ১৮ রুটে বাস চলাচল শুরু
খুলনার ১৮টি রুটে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল আবার শুরু হয়েছে। পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে আজ রোববার বিকেল তিনটার দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেন মোটরশ্রমিকেরা। আজ ভোর থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত্ হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, শনিবার দিবাগত মধ্যরাতে কয়েকজন মোটরশ্রমিক সোনাডাঙ্গা বাস টার্মিনালে একটি হোটেলের পাশে অবস্থান করছিলেন। এ সময় র্যাব-৬-এর একটি টহল দল শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করে। বাধা দিতে চাইলে র্যাবের সদস্যরা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আকমল হোসেনকে চড় মারেন এবং অন্য কয়েকজনকে গালিগালাজ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা আজ ভোর থেকে ঢাকাসহ ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেন। এদিকে, খুলনা র্যাব-৬-এর অধিনায়ক রেজাউল করিম শ্রমিকদের চড় মারার অভিযোগ অস্বীকার করেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বাস টার্মিনালে পরিবহন মালিক-শ্রমিক এবং পুলিশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।