খুলনার ৯ উপজেলা চেয়ারম্যান গানম্যান চেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমপন্থী ও সন্ত্রাসীদের আতঙ্কে নিজেদের নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছেন খুলনার নয়টি উপজেলার চেয়ারম্যানরা। খুলনা জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপজেলা পরিষদের চেয়ারম্যানরা এ দাবি জানান। তাঁরা বলেন, সাম্প্রতিক সময় খুলনার বিভিন্ন উপজেলা এবং খোদ মহানগরে চরমপন্থীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। আত্মগোপনে থাকা চরমপন্থীরা আবার এলাকায় ফিরে এসেছে এবং সন্ত্রাসী ও চরমপন্থীরা জামিনে বেরিয়ে আসছে। এসব কারণে তাঁরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। সভায় খুলনার নয়টি উপজেলার চেয়ারম্যানরা প্রত্যেকেই তাঁদের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার অনুরোধ জানান।সভায় একাধিক উপজেলা পরিষদের চেয়ারম্যান আশঙ্কা প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান ও সম্ভাব্য প্রার্থীদের ওপর আক্রমণ করা হতে পারে। সভায় চরমপন্থীদের গ্রেপ্তার অভিযান জোরদার, জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থীদের পুনরায় গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সিদ্ধান্ত হয়। খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে ২৮ আগস্ট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সভায় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, মোল্লা জালাল উদ্দিন ও নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, সিভিল সার্জন মো. আবদুল হান্নান, খুলনার নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।সভায় তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস, রূপসার আলী আকবর শেখ, ডুমুরিয়ার গাজী আবদুল হাদী, ফুলতলার সরদার আলাউদ্দিন, দিঘলিয়ার মল্লিক মহিউদ্দিনসহ নয়জন উপজেলা চেয়ারম্যানই তাঁদের নিরাপত্তায় গানম্যান দেওয়ার দাবি জানান।সভার প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, বর্তমান আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানদের গানম্যান দেওয়ার বিধান নেই। তবে খুলনার উপজেলাগুলোর চেয়ারম্যানদের নিরাপত্তায় গানম্যান দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন।এ বিষয়ে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর শেখ প্রথম আলোকে বলেন, ‘আমার উপজেলাসহ খুলনার বেশ কটি উপজেলায় চরমপন্থীরা খুব বেশি সক্রিয়। আমরা সব সময়ই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা জনপ্রতিনিধিরা যদি নিরাপদ না থাকি, তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করব। তাই আমরা নিরাপত্তার জন্য গানম্যান চেয়েছি।’ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার আলাউদ্দিন ওরফে মিঠু প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীরা ১৯৯৮ সালে আমার বাবাকে (ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম) হত্যা করেছে। খুলনার চিহ্নিত সন্ত্রাসীরা গত মার্চ মাসে আমাকে হত্যার জন্য গুলি ও বোমা নিক্ষেপ করে। সেবার আমি গাড়িতে থাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। এরপর সন্ত্রাসীরা গত ১৬ আগস্ট দিনদুপুরে গুলি করে আমার ছোট ভাই বাদলকে (ইউপি চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল) হত্যা করে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণেই আমিসহ খুলনার সব কটি উপজেলার চেয়ারম্যান গানম্যান চেয়েছি।’