খুলনায় আ.লীগ নেতার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের জনবল সরবরাহে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দরপত্রের শিডিউল জমা দেওয়ার শেষ দিনে তাঁর নেতৃত্বে একটি পক্ষ অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে শিডিউল জমা দিতে বাধা দেয় এবং এ নিয়ে সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়।সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়ায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৯-১০ অর্থবছরের জন্য ১১টি শ্রেণীতে জনবল নিয়োগে ১২ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। এতে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান সাড়া দেয়। গতকাল ছিল শিডিউল জমা দেওয়ার শেষ দিন। মেসার্স মল্লিক কনস্ট্রাকশনের মালিক আলী হোসেন জানান, বেলা ১১টার দিকে তাঁরা হাসপাতালের কার্যালয়ে শিডিউল জমা দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি এস এম খসরুল আলম ও ছাত্রলীগের কর্মী শাহাজালাল সুজনের নেতৃত্বে একটি দল তাঁদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মল্লিক কনস্ট্রাকশনের পিংকু, হাসপাতালের নিরাপত্তারক্ষী (কমান্ডার) নাসির উদ্দিন ও সেলিম আহত হন। নাম না প্রকাশ করার শর্তে একজন ঠিকাদার জানান, মসিউর রহমান নামে একজন ঠিকাদারের স্ত্রী শিডিউল জমা দিতে হাসপাতালে গেলে তাঁর কাছ থেকে শিডিউল কেড়ে নেওয়া হয়। এ সময় আতঙ্কে হাসপাতালের রোগী ও তাদের স্বজনেরা ছোটাছুটি করতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে আওয়ামী লীগের নেতা খসরুল আলম বলেন, বসতি সিকিউরিটি সার্ভিসেসের পক্ষে শিডিউল জমা দিতে যান তিনি। তিনি দাবি করেন, শিডিউল জমা দিতে কোনো প্রতিষ্ঠানকে তাঁরা বাধা দেননি। এ নিয়ে কোনো সংঘর্ষের ঘটনাও ঘটেনি। দলের এক নেতার বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ সম্পর্কে গতকাল রাতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।অনুসন্ধানে জানা যায়, বসতি সিকিউরিটি সার্ভিসেস ঢাকার রমনা এলাকার একটি প্রতিষ্ঠান। ঢাকার আরও কয়েকটি প্রতিষ্ঠান মিলে এই কাজটি ভাগাভাগি করে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। নাম না প্রকাশ করার শর্তে একজন ঠিকাদার জানান, এর আগে গত সোমবার রাতে খুলনা নগরের নূরনগর এলাকার একটি বাড়িতে ঠিকাদারদের গোপন বৈঠক হয়। সেখানে কাজ ভাগাভাগি করে নেওয়ার সমঝোতার ব্যাপারে আলোচনা হয়। একই সঙ্গে শিডিউল জমায় অন্যান্য প্রতিষ্ঠানকে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকজন ঠিকাদার এর বিরোধিতা করলে তাঁদের হুমকি দেওয়া হয়। খুলনার খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, ‘শিডিউল জমা দেওয়ার সময় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আমরা দরপত্রে সবার অংশগ্রহণ নিশ্চিত করেছি।’শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্রকল্প পরিচালক মনি মোহন সাহা প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনবল নিয়োগের ব্যাপারে মোট ১৫টি শিডিউল বিক্রি হলেও জমা পড়েছে সাতটি। তিনি বলেন, ‘শিডিউল জমা দেওয়ার সময় সংঘর্ষের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। শিডিউল জমা দেওয়ার সময় বাধা দেওয়ার ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। বিশেষায়িত হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’