খুলনায় আধুনিক রেলস্টেশন নির্ধারিত সময়ে হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণে দীর্ঘসূত্রতা দেখা দেওয়ায় এখনো কাজ শুরু করা হয়নি। প্রায় অর্ধশত কোটি টাকার এই প্রকল্পের মেয়াদ ২০০৭ সাল থেকে শুরু হলেও এখনো পর্যন্ত স্টেশন ভবন ও তিনটি প্লাটফর্ম নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে প্রকল্পের সময়সীমা ২০১১ সালের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।রেলওয়ের একাধিক সূত্রে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খুলনা আধুনিক রেলস্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতা অব্যাহত রাখে। প্রকল্পটির নামকরণ করা হয় খুলনা রেলস্টেশন অ্যান্ড ইয়ার্ড রি-মডেলিং। প্রকল্পের মেয়াদ ২০১১ সাল পর্যন্ত। কিন্তু সার্বিক কার্যক্রম চলছে অত্যন্ত ঢিমেতালে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আধুনিক রেলস্টেশন ভবনের নকশা চূড়ান্ত হয়েছে। মডার্ন ইঞ্জিনিয়ার্স প্লানার্স অ্যান্ড কনসালট্যান্ট লিমিটেড এই নকশা প্রণয়ন করেছে। স্টেশন ভবন ও তিনটি প্লাটফর্ম নির্মাণের জন্য ২৫ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এর মধ্যে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হয়। এরপর কোনো কারণ ছাড়াই খুলনায় আধুনিক রেলস্টেশন নির্মাণকাজের সব কর্মকাণ্ড স্থগিত করা হয়। চার মাস পর গত জুন মাসে সর্বনিম্ন দরদাতা তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ করা হয়। যাচাই-বাছাই শেষে প্রকৃতভাবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাবে তা চূড়ান্ত করার জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ঠিকাদার নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা তো দূরের কথা, শুরুই করা যাচ্ছে না। খুলনা রেলওয়ের সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ার্কস) জি এম এ শাহীন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে এ ব্যাপারে আমরা এখনো সঠিক কিছু জানতে পারিনি। ঠিকাদার নিয়োগ সম্পন্ন হলে শিগগিরই নির্মাণকাজ শুরু হবে। ইতিমধ্যে স্টেশন এলাকায় শতকরা ৮০ ভাগ মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। স্টেশন ভবনটি নির্মিত হবে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পেছন থেকে শিল্প ব্যাংক ভবনের পেছন পর্যন্ত ১০ একর জমির ওপর। গোটা স্টেশন ভবনটি হবে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ২৫০ ফুট প্রস্থের। স্টেশন এলাকায় থাকবে কার পার্কিংয়ের জায়গা এবং পূর্ব দিকে থাকবে শপিং কমপ্লেক্স। এ ছাড়া এক হাজার ২০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের তিনটি প্লাটফর্ম নির্মাণ ছাড়াও থাকবে পুরুষ ও মহিলাদের জন্য একাধিক বিশ্রামাগার, ফুড পার্ক, চারটি অত্যাধুনিক টিকিট ঘর, নামাজ ঘর, একাধিক টয়লেট ও কর্মকর্তাদের বসার ঘর। ২০১১ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না। এ ক্ষেত্রে আধুনিক রেলস্টেশন নির্মাণকাজ সম্পন্ন করার সময় বৃদ্ধি করা ছাড়া আর কোনো উপায় নেই।’ তিনি জানান, আধুনিক রেলস্টেশন নির্মাণের জন্য নতুনভাবে লোকশেড নির্মাণকাজ শুরু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টেন্ডারের মাধ্যমে এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে লোকশেড নির্মাণকাজ শুরু হয়। লোকশেডে ট্রেনের ইঞ্জিন মেইনটেন্যান্স করা হয়। এ ছাড়া গত ৫ মার্চ ৫৪ লাখ টাকা ব্যয়ে ওয়াশ ফিট (ট্রেনের বগি ধোয়ার জায়গা) এবং ২২ লাখ টাকা ব্যয়ে সিক লাইন (যাত্রীবাহী বগি মেইনটেন্যান্স) সংস্কারকাজও শুরু হয়েছে। আধুনিক রেলস্টেশন নির্মাণের জন্য রেলওয়ের কর্মচারীদের ১০২ ইউনিট বাসা ভেঙে রেলওয়ের গার্ড কলোনি এলাকায় স্থানান্তরের কাজ শুরু হয়েছে। ১০২ ইউনিটের মধ্যে গত জুন মাসে ২০ ইউনিটের কাজ শেষ করে সেখানে কর্মচারীদের স্থানান্তর করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন।