খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ বাদলকে (৪২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে দামোদর উত্তরপাড়ার সফেদাতলায় যশোর-খুলনা সড়কে এ ঘটনা ঘটে।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এর আগে গত রোববার সন্ধ্যায় জেলার তেরখাদা উপজেলার কটেঙ্গা গ্রামে ওষুধ ব্যবসায়ী ফিরোজ শেখকে (৩৬) বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ফিরোজ ওই গ্রামের মোহাম্মদ শেখের ছেলে। জানা যায়, নিহত আবু সাইদ টানা দুবার দামোদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বাবা সরদার আবুল কাশেমও এই ইউপির চেয়ারম্যান ছিলেন। আবুল কাশেম ১৯৯৮ সালে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। গত ৬ মার্চ সন্ত্রাসীদের বোমা হামলায় আহত হন আবু সাইদের ছোট ভাই ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন।দামোদরবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে আবু সাইদ দামোদর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচ্ছিলেন। যশোর-খুলনা সড়কের সফেদাতলায় পৌঁছালে ছয়জন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। সন্ত্রাসীদের একজন আবু সাইদের পিঠে একটি গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর সন্ত্রাসীরা তাঁর বুকের বাঁ দিকে চারটি গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী আবু সাইদকে উদ্ধার করে রিকশাভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক পর্যন্ত নিয়ে যায়। দামোদর ইউনিয়ন বিএনপির কয়েকজন সেখান থেকে তাঁকে গাড়িতে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসকেরা আবু সাইদকে মৃত ঘোষণা করেন। আবু সাইদ হত্যার প্রতিবাদে তাঁর শতাধিক সমর্থক ও এলাকাবাসী ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। হত্যাকাণ্ডের ব্যাপারে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আবু সাইদের ছোট ভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাই আবু সাইদ এলাকার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। ভবিষ্যতেও তিনি নির্বাচনে জয়লাভ করবেন বলে নিশ্চিত ছিলেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে। আলাউদ্দিন আরও বলেন, যারা তাঁর বাবাকে হত্যা করেছে এবং তাঁকে হত্যার জন্য বোমা মেরেছিল, তারাই তাঁর ভাইকে হত্যা করেছে। তাঁরা এ ব্যাপারে মামলা করবেন।ওষুধ ব্যবসায়ীকে হত্যা: গত রোববার সন্ধ্যার পর কটেঙ্গা বাজারের নিজ ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন ফিরোজ শেখ। কটেঙ্গার মুসল্লিপাড়ায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ছুরিকাঘাতের পর কটেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ মোল্লা, নাসির উদ্দীন শাখাওয়াতী, রেজাউল হক ও জামিল আহমেদ নামের চারজনকে আটক করা হয়েছে।