খুলনায় উপজেলা চেয়ারম্যানের গাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরের পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে গতকাল শনিবার বিকেলে চরমপন্থীদের বোমা হামলায় ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সরদার আলাউদ্দিন ওরফে মিঠু (৩৮) ও তাঁর ছেলে সানিসহ আটজন আহত হয়েছে। আলাউদ্দিনসহ আহত তিনজনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। খানজাহান আলী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মো. আলম শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে। তিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সদস্য। এই বোমা হামলার প্রতিবাদে শত শত মানুষ খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ সৃষ্টি করে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় কয়েক শ ক্ষুব্ধ মানুষ সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট-গাছ ফেলে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহানগরের জিয়া হলে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপির খুলনা বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন হয়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন তাঁর ব্যক্তিগত গাড়িতে (খুলনা-ক-৯৭৮) চড়ে ফুলতলা উপজেলা সদরে ফিরছিলেন। আলাউদ্দিনের সঙ্গে ছিল তাঁর ছেলে সানি (৮), গাড়িচালক শামীম, ফুলতলা ইউনিয়ন বিএনপির নেতা কামরুল মোল্লা, সিরাজুল ইসলাম মোড়ল, জামাল হোসেন ভূঁইয়া, শেখ লুত্ফর রহমান ও নওশের আলী। গাড়িটি খুলনা-যশোর সড়কের খানহাজান আলী থানাধীন পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে পৌঁছালে ওত পেতে থাকা চরমপন্থী সদস্যরা গাড়ি লক্ষ্য করে পরপর সাতটি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা ইঞ্জিনের ঢাকনার ওপর, আরেকটি বাঁ পাশের দরজার কাছে এবং আরেকটি পেছনের ছাদে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকিগুলো বিস্ফোরিত হয় রাস্তায়। বোমার স্প্লিন্টারের আঘাতে জিপে থাকা আটজনই কম-বেশি আহত হন।রক্তাক্ত অবস্থায় চালক শামীম দ্রুত গতিতে গাড়ি চালিয়ে প্রায় এক কিলোমিটার দূরে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে আলাউদ্দিন, গাড়িচালক শামীম ও চেয়ারম্যানের সহযোগী সিরাজুলকে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক এ টি এম মোর্শেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আহত আলাউদ্দিনের মাথায় অস্ত্রোপচার করে বোমার স্প্লিন্টার বের করা হয়েছে। তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার বিঁধেছে। গাড়িচালক শামীমের শরীরের একাধিক জায়গা ও সিরাজুলের দেহের কয়েক জায়গায় বোমার স্প্লিন্টারের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত। চিকিত্সাধীন অবস্থায় গাড়িচালক শামীম বলেন, জিপটি পুলিশ ট্রেনিং সেন্টারের কাছে প্রথম গতিরোধকে গতি কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা থেকে অথবা রাস্তার পাশের কলাবাগান থেকে জিপ লক্ষ্য করে পর পর তিনটি বোমা নিক্ষেপ করা হয়। গাড়ির গতি বাড়িয়ে দ্বিতীয় গতিরোধকের কাছে যাওয়ার সময় আরও চারটি বোমা ছোড়া হয়। এ সময় জিপ লক্ষ্য করে গুলিও করা হয়।জিপে থাকা ফুলতলার জামিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মোল্লা বলেন, ‘আমরা জিপের পেছনে ছিলাম। প্রথম বোমাটি বিস্ফোরিত হলে চালককে সাহস জুগিয়ে দ্রুত গাড়ি চালাতে বলা হয়। এ সময় জিপের সামনে বাঁ পাশের আসনে বসা আলাউদ্দিন কোলের শিশুপুত্র সানিকে পেছনে দেন এবং মাথা নিচু করে রাখেন। হামলাকারীরা জিপ লক্ষ্য করে একাধিক গুলিও বর্ষণ করে।’খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, এলাকাবাসীর সহায়তায় পুলিশ সদস্যরা ধাওয়া করে বিদেশি একটি একনলা কাটা বন্দুকসহ মো. আলম শেখ (২৮) নামের এক যুবককে আটক করেন। তিনি নড়াইল জেলার গোবরাবাজার এলাকার বাসিন্দা। তাঁকে সন্ধ্যার পর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মামুন খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলম শেখ স্বীকার করেছেন, তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) সক্রিয় সদস্য এবং এই বোমা হামলার সঙ্গে জড়িত। তাঁরা দলে তিনজন ছিলেন। প্রসঙ্গত, বোমা হামলায় আহত বিএনপির নেতা সরদার আলাউদ্দিনের বাবা সরদার আবুল কাশেম ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় ১৯৯৮ সালের ১৮ আগস্ট চরমপন্থীরা তাঁকে গুলি করে হত্যা করে।বিএনপির নিন্দা: ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক বিবৃতিতে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।