খুলনায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা মহানগরে পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে। নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা-ইলিশ ও ভূরিভোজের আয়োজন। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর-কিশোরী নববর্ষের সাদা-লালের বাহারি পোশাক পরে বাইরে বেরিয়ে পড়ে। বর্ষবরণ উপলক্ষে নগর সেজেছে বর্ণিল সাজে। নতুন বছরকে বরণ করে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা সার্কিট হাউসের পেছনের সড়কে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।খুলনা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বৈশাখী মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এ উৎসবের আয়োজন করেছে। আজ সকাল আটটায় সার্কিট হাউস থেকে শোভাযাত্রা বের হয়। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা নাট্য নিকেতন, চারুকলা ইনস্টিটিউট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আব্বাস উদ্দীন একাডেমি, জেলা প্রশাসনের উদ্যোগে, স্থানীয় আওয়ামী লীগ ও খুলনা সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে।