খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মঞ্জুরুল ইমাম হত্যাকাণ্ডের বিস্ফোরক অংশের মামলায় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা শুকুর গাজীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামি শেখ আবদুল রাব্বী ওরফে রিপন ও গণেশ ব্যানার্জিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মঈনুল হক এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৫ আগস্ট নগরের শামসুর রহমান রোডের নিজ বাসভবন থেকে রিকশাযোগে আদালতে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় মঞ্জুরুল ইমাম নিহত হন। এতে মঞ্জুরুলের সহযাত্রী আইনজীবী বিজন বিহারী মণ্ডল ও রিকশাচালক সাইদুল ইসলাম আকন্দও নিহত হন।এ ঘটনায় নিহত মঞ্জুরুলের ছেলে আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে ঘটনার রাতে খুলনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন। এ মামলায় শুকুর গাজী, রিপন, গণেশ ও হাসান ইমামকে অভিযুক্ত করে নগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার পরিদর্শক মো. শাহজাহান হাওলাদার ২০০৪ সালের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শুকুর গাজী মহানগর হাকিম মো. আতিকুল হকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য নেওয়া হয়। এর আগে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল চার আসামিকেই খালাস দেন।