ছাত্রদলকর্মীকে থানায় ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানসহ পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের প্রত্যাহার করে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।কেএমপি কমিশনার সফিউর রহমান প্রথম আলোকে জানান, ওসি কামরুজ্জামান, সেপাই আবু সুফিয়ান, সেপাই মামুন আখতার ও গাড়িচালক সুধাংশুকে প্রত্যাহার করে কেএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার উপকমিশনার হায়দার আলীকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন জমা দেবেন।গত রোববার হরতাল চলাকালে খুলনা নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডে পুলিশের সঙ্গে হরতালসমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর ওই এলাকা থেকে ছাত্রদলকর্মী ফেরদাউসুর রহমান মুন্না ও এস এম মাহমুদুল হক টিটোকে আটক করে পুলিশ। তাঁদের সদর থানায় নেওয়া হয়। সেখানে মাহমুদুলকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে এবং ফেরদাউসুরের চোখ বেঁধে নির্যাতন করা হয়।ওই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম। তিনি এ ঘটনায় জড়িত ওসি কামরুজ্জামানসহ অন্য পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আসকের নিন্দা: মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মানবাধিকার সমর্থনকারী একটি সাংবিধানিক প্রজাতন্ত্র ও সরকারের কর্মী হিসেবে কোনো নাগরিককে কোনো অবস্থায় ও যুক্তিতে নির্যাতন করার ক্ষমতা ও অধিকার কোনো পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা বা ব্যক্তির নেই।