খুলনায় কমেছে সঞ্চয়পত্রের বিনিয়োগ
খুলনা বিভাগে আশঙ্কাজনক হারে জাতীয় সঞ্চয়পত্রের বিনিয়োগ কমে গেছে। মাত্র এক বছরের ব্যবধানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ কমেছে ৭৩ দশমিক ৯১ শতাংশ, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ কমেছে ৮৭ দশমিক ১৯ শতাংশ এবং পেনশনার্স সঞ্চয়পত্রে বিনিয়োগ কমেছে ২৭ দশমিক ২৫ শতাংশ। সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে আয়কর আরোপ এবং সুদের হার কমিয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।জাতীয় সঞ্চয় পরিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০০৯-১০ অর্থবছরে (জুলাই-সেপ্টেম্বর) পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছিল ৩৪ কোটি ৭৩ লাখ টাকা। সেখানে চলতি অর্থবছরে (জুলাই-সেপ্টেম্বর) বিনিয়োগ হয়েছে মাত্র নয় কোটি ছয় লাখ টাকা। অর্থাৎ বিনিয়োগ কমেছে ৭৩ দশমিক ৯১ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছিল ৬৭ কোটি ১৬ লাখ টাকা। অন্যদিকে চলতি অর্থবছরে এ ক্ষেত্রে বিনিয়োগ হয়েছে মাত্র আট কোটি ৬০ লাখ টাকা। গত ২০০৯-১০ অর্থবছরে পেনশনার্স সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছিল ৩১ কোটি ৪৮ লাখ টাকা। অন্যদিকে চলতি অর্থবছরে বিনিয়োগ হয়েছে ২২ কোটি ৯০ লাখ টাকা।খুলনা বিভাগীয় কার্যালয় সূত্রে আরও জানা গেছে, বর্তমানে পাঁচ বছর মেয়াদি পরিবার, পেনশনার্স ও বাংলাদেশ সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র চালু রয়েছে। ১৯৯৭ সালের ২৪ মার্চ পরিবার সঞ্চয়পত্র প্রকল্প চালু করা হলেও ২০০২ সালের ১ জুলাই এ প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হওয়ার আগ পর্যন্ত এ প্রকল্পের মুনাফার হার ছিল ১১ দশমিক ৯২ শতাংশ। মুনাফার হার ১১ দশমিক ৪ ভাগ নির্ধারণ করে ২০১০ সালের ২৩ জুন প্রকল্পটি পুনরায় চালু করা হয়। তবে এ প্রকল্পের মুনাফার ওপর কোনো কর দিতে হয় না। ২০০৫ সালের ৪ ডিসেম্বর থেকে একনাগাড়ে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত পেনশনার্স সঞ্চয়পত্র চালু ছিল। তখন মুনাফার হার ছিল ১২ শতাংশ। গত জুলাই থেকে ১১ শতাংশ মুনাফায় প্রকল্পটি আবার চালু করা হয়।২০০৪ সালের ১ জুলাই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র চালু হয়। ১১ শতাংশ মুনাফা হারে ২০০৫ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রকল্পটি চালু ছিল। পরবর্তী সময় ১২ শতাংশ মুনাফা দিয়ে এ প্রকল্পটি আবার চালু করা হয়। ২০১০ সালের ১ জুলাই ১১ শতাংশ মুনাফা দিয়ে পুনরায় প্রকল্পটি চালু করা হলেও মুনাফার ওপর ১০ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়।১৯৯৮ সালের ১২ জানুয়ারি থেকে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র প্রকল্প চালু হয়। ২০০১ সালের ২৯ অক্টোবর পর্যন্ত এর কার্যক্রম চলে। তখন এ প্রকল্পে মুনাফা ছিল ১৩ দশমিক ৫০ শতাংশ। এরপর ২০০১ সালের ৩০ অক্টোবর থেকে আবার চালু হয়ে ২০০৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। তখন মুনাফা ছিল ১২ শতাংশ। ২০০৪ সালের ১ জানুয়ারি প্রকল্পটি পুনরায় চালু হয়ে চলে ১৬ জুলাই পর্যন্ত। তখন মুনাফা ছিল ১০ দশমিক ৫০ শতাংশ। ২০০৪ সালের ১৭ জুলাই আবারও চালু হয়ে প্রকল্পটি ১০ শতাংশ মুনাফায় ২০০৫ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত চলে। ২০০৫ সালের ৪ ডিসেম্বর ১১ দশমিক ৫০ শতাংশ মুনাফায় শুরু হয়ে প্রকল্পটি চলে ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত। ২০১০ সালের ১ জুলাই প্রকল্পটি পুনরায় ১০ শতাংশ মুনাফায় চালু হয়ে এখনো চলছে। একই সঙ্গে মুনাফার ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে।‘পরিবার সঞ্চয়পত্র ও তিন মাস মেয়াদি মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে এমনিতেই কম মুনাফা দেওয়া হয়। এরপর আবার মুনাফার ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়েছে, যা আগে ছিল না। এর ফলে এ দুটি প্রকল্প থেকে বিনিয়োগ তুলে নিতে বাধ্য হয়েছি।’ বলেন খুলনার খালিশপুরের বিনিয়োগকারী মো. শামসুল আলম। মো. শামসুল আলমসহ বিনিয়োগকারীরা সরকারের কাছে মুনাফার ওপর আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহারের দাবি জানান।জাতীয় সঞ্চয় পরিদপ্তর খুলনা বিভাগের উপপরিচালক সুলতান আহমেদ প্রথম আলোকে জানান, চলতি বাজেটে পরিবার সঞ্চয়পত্র ও পেনশনার্স সঞ্চয়পত্র ছাড়া অন্য দুটি সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর আরোপ করা হয়। এ কারণে পাঁচ বছর মেয়াদি এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রগুলোয় আশঙ্কাজনক হারে বিনিয়োগ কমে গেছে। অন্যদিকে বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে। এ পর্যন্ত মোট বিনিয়োগের প্রায় ৭০ শতাংশ (৯৬ কোটি ৬২ লাখ টাকা) এ প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে।