খুলনায় কিশোরী আলোকচিত্রীদের তোলা আলোকচিত্র প্রদর্শনী
‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় তিন দিনব্যাপী শিশু-কিশোরী আলোকচিত্রীদের তোলা আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ২৭-২৯ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর পাবলিক হলে (জিয়া হল) এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।২৭ সেপ্টেম্বর প্রদর্শনী উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আজমল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির প্রধান রাশিদা পারভীন।প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থানের ২০ জন শিশু-কিশোরী আলোকচিত্রীর মোট ১০০টি ছবি স্থান পায়। অনুষ্ঠানে আসা বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোকচিত্রী রীনা রানি মণ্ডল (১৮) জানান, তার এবং তার মতো অনেকের ছবি নিয়ে এমন অনুষ্ঠান হবে তা তিনি কল্পনা করতে পারেননি। নিজের তোলা ছবি সবাই দেখবে, এর আনন্দই আলাদা।উদ্বোধনী অনুষ্ঠানে গান, নাচ আর আবৃতি পরিবেশন করে ব্র্যাকের এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের সদস্যরা। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সংগীতসন্ধ্যা: বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা খুলনার দৌলতপুর শাখার আয়োজনে ২৬ সেপ্টেম্বর দৌলতপুরে সংগঠনের কার্যালয়ে সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অশোক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওস্তাদ ফকির মোসলেম উদ্দীন।সংগীত পরিবেশন করেন শেখ আবদুল মান্নান, ননীগোপাল শীল, রণজিৎ সাহা, মুসান্না জাহের, মন্দিরা বিশ্বাস, নবকুমার ও রীতা রানি কুণ্ডু। এ ছাড়া কবিতা আবৃতি করেন পার্থপ্রতিম দাস, চায়না রায়, ইরতিজা হামিম ও দেবব্রত মণ্ডল। সংগঠনের সাধারণ সম্পাদক মাধবকৃষ্ণ মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠানে সহযোগিতা করেন তবলায় তুলসী দাশ ও গিটারে সিরাজুল ইসলাম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সংগঠনের উপদেষ্টা শাহীন জামাল, কাজী শফিউল আজম, শেখ মফিজুর রহমান, শেখ কামাল উদ্দীন প্রমুখ।