খুলনায় কুপিয়ে যুবক হত্যা
খুলনার ছোট বয়রা টেক্সটাইল মিল এলাকায় সোহেল রানা (২০) ওরফে গুড্ডু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে গতকাল সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহত সোহেলের পরিবারের দাবি। সোহেলের বাবা জাহাঙ্গীর হোসেন খুলনা সিটি করপোরেশনের কর্মচারী।নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের সোনাডাঙ্গা এলাকার বাড়িতে গতকাল সন্ধ্যা সাতটার দিকে সোহেলের মুঠোফোনে ফোন আসে। এরপর তিনি বেরিয়ে যান। রাত নয়টার দিকে না ফেরায় তাঁকে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে টেক্সটাইল মিল এলাকায় সোহেলের লাশ পাওয়া যায়।এ প্রসঙ্গে নিহত সোহেলের বোন মুক্তা খাতুন (১৮) বলেন, ‘আমার ভাই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করত। ঈদের ছুটিতে বাড়ি এসেছিল। গত রোববার এলাকার কয়েকজন ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। সোমবার রাতে বাড়িতে ভাত খাওয়ার সময় সোহেলকে এক ছেলে ফোন করে। সে বাড়ি থেকে বের হলে আমি তার পেছনে রাস্তা পর্যন্ত এসে দেখলাম, যে ফোন করেছে ওই ছেলেসহ এলাকার আরও তিনজন তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পর থেকে সোহেলের মুঠোফোন বন্ধ পাইছি। রাত নয়টার পর আমরা খোঁজাখুঁজি করতে করতে সাড়ে ১০টার পর তাঁর লাশের খবর পাই। ওরাই আমার ভাইকে হত্যা করেছে।’এ হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা খুলনার সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মুক্তার হোসেন বলেন, সোহেলের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে তাঁকে কোপানো হয়নি। ঘটনাস্থল থেকে একটা রামদা উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।