খুলনায় খেলাফত মজলিসের মিছিলে পুলিশের লাঠিপেটা, পাঁচ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর পুলিশ আজ শুক্রবার দুপুরে লাঠিপেটা করে খেলাফত মজলিসের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। পুলিশ এ সময় মিছিল থেকে পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে। অনুমতি ছাড়া মিছিল বের করায় পুলিশ এই অভিযান চালায় বলে খুলনা সদর থানা সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা সাখাওয়াতকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ জুম্মার নামাজ শেষে নগরের দোলখোলা জামে মসজিদের পাশে অবস্থিত খেলাফত মজলিসের কার্যালয় থেকে দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি সাতরাস্তার মোড় ও শান্তিধাম মোড় হয়ে ডাকবাংলা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা বাধা টপকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে মাওলানা সাখাওয়াতের ছেলে আবদুল্লাহ জুবায়ের, দলীয় কর্মী মো. নাসির উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, আতাউল করিম ও রিয়াজুল ইসলামকে আটক করা হয়। তাঁদের খুলনা সদর থানা হাজতে রাখা হয়েছে।খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল করিম জানান, নগর পুলিশের অনুমতি ছাড়াই মিছিল বের করায় তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়। এ সময় খেলাফত মজলিসের পাঁচ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।