সালভি (১০) চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো গতকাল শনিবার সকালেও সে পড়ার টেবিলে। আর ছোট্ট তানভি (৪) খেলছে পুতুল নিয়ে। তখনো তারা জানে না আগের দিন বিকেলেই তাদের প্রিয় মামণি পৃথিবী ছেড়ে চলে গেছেন। পুলিশ খুলনা মহানগরের খালিশপুরের ৬ নম্বর ঘাট এলাকা থেকে গৃহবধূ তানজিরা আকতারের (৩০) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে। নগরের ৬১ সিমেট্রি রোডের বাসিন্দা তানজিরার স্বামীর নাম সাজ্জাদ হোসেন। তানজিরার ভাইয়েরা জানিয়েছেন, স্বামীর পরকীয়া এবং নির্যাতন সইতে না পেরে তাঁদের বোন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তবে সাজ্জাদের দাবি, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন।এদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের শ্রীকলস গ্রামে সালমা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। স্বামী সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শগুনখোলা গ্রামে শুক্রবার দিবাগত রাতে রোজিনা খাতুন (২৮) নামের এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গৃহবধূর আত্মহত্যা: নিহত তানজিরা খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা শেখ মো. ইব্রাহীমের মেয়ে। গতকাল শনিবার বাদ আসর রূপসায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে আগত অতিথিদের আপ্যায়ন করান তানজিরা। বেলা সাড়ে তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হন। তখন তাঁর স্বামী বাড়ির বাইরে ছিলেন। খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঘাট এলাকায় ওই গৃহবধূর গায়ে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন দৌড়ে গিয়ে নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন নেভানোর আগেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে কেরোসিনের দুটি প্লাস্টিকের বোতল ও তানজিরার একটি সনদের অনুলিপি উদ্ধার করা হয়েছে।নিহত তানজিরার বড় ভাই ফেরদৌস ও জিয়াউল জানান, স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় তানজিরার ওপর নির্যাতন হতো। তানজিরার আরেক ভাই আবু তালেব জানান, মৃত্যুর কয়েক দিন আগে তানজিরা তাঁর দুলাভাইয়ের বাড়িতে গিয়ে জানিয়েছেন, সাজ্জাদ আপন ভাবিকে নিয়ে দোকানের চুক্তিনামা বাতিলের কাজে ঢাকায় যাবেন। কিন্তু তাঁকে সঙ্গে নেওয়ার জন্য বলা হলেও সাজ্জাদ নিতে রাজি হচ্ছেন না। আবু তালেব আরও জানান, বিয়ের সময় তানজিরা খুলনার আযম খান কমার্স কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন। বিয়ের পরও তিনি লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু স্বামী সাজ্জাদ তাতে বাধা দেন এবং পরে তাঁর সনদ ছিঁড়ে ফেলেন। এই ঘটনায় তানজিরার মনে তীব্র ক্ষোভ ছিল। তাই তিনি আত্মহত্যা করেন। আর এ খবর তাঁর দুই সন্তানকে জানানো হয় শনিবার দুপুরে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁরা সাজ্জাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান আবু তালেব। সাজ্জাদ হোসেন দাবি করেন, তাঁর স্ত্রী তানজিরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না। পরকীয়ার অভিযোগ সাজ্জাদ অস্বীকার করেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুল মোমিন প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্তে প্রমাণিত হলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে।গৃহবধূকে কুপিয়ে হত্যা: স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের হামিদ মোড়লের মেয়ে সালমা খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী শ্রীকলস গ্রামের গনি সরদারের ছেলে সিরাজুল ইসলামের বিয়ে হয়। এই দম্পতির দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই নেশার জন্য সিরাজুল প্রায়ই স্ত্রীর কাছে টাকা দাবি করে নির্যাতন করতেন। সিরাজুল যৌতুক হিসেবেও ১০ হাজার টাকা দাবি করেন। এ পরিপ্রেক্ষিতে তিন মাস আগে সালমা স্বামী সিরাজুলের বিরুদ্ধে একটি মামলা করেন। সিরাজুল নেশা ও নির্যাতন করবেন না—এই শর্তে পরে মামলাটি প্রত্যাহার করে নেন সালমা। কিন্তু শর্ত ভঙ্গ করে সিরাজুল আবার মাদক সেবন ও স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। শুক্রবার সকালে সিরাজুল তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে আবারও ১০ হাজার টাকা আনতে বলেন। দুপুরে সিরাজুল বাড়ি ফিরে টাকা না পেয়ে সালমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাঁকে জবাই করে হত্যা করে পালিয়ে যান।সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল শনিবার সালমার লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সিরাজুল ইসলাম স্ত্রী সালমাকে হত্যার কথা স্বীকার করে বলেন, বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। স্ত্রী তাঁর কথা শুনতেন না। তবে ইসমাইল মাদক সেবন করার কথা অস্বীকার করেছেন।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত সালমার মা বাদী হয়ে জামাতা সিরাজুল ইসলাম, তাঁর ভাই রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও বাবা গনি সরদারের নামে একটি হত্যা মামলা করেছেন। মারধরে গৃহবধূর মৃত্যু: নবাবগঞ্জে রোজিনাকে হত্যার ঘটনায় তাঁর বাবা শহীদুল ইসলাম বাদী হয়ে জামাতা মামুনুর রশিদ ও তাঁর মা রওশন আরাকে আসামি করে নবাবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। স্থানীয় সূত্র জানায়, রোজিনা ও মামুন উভয় পরিবারের বাড়ি একই গ্রামে। মামুন পেশায় কৃষক। তাঁদের দুটি কন্যাশিশু আছে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজন জানিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। গত শুক্রবার রাতে ঝগড়ার একপর্যায়ে মামুন তাঁর স্ত্রী রোজিনাকে বেদম মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়ে রোজিনা রাতেই মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ মামুনের বাড়ি থেকে রোজিনার মরদেহ উদ্ধার করে। এসআই আরও জানান, মামুন পলাতক। পুলিশ রোজিনার শাশুড়ি রওশন আরাকে গ্রেপ্তার করেছে।