খুলনায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
খুলনার খালিশপুর থানার মুজগুন্নী আবাসিক এলাকার একটি বাসায় তুষ্টি নামের এক গৃহকর্মীর (১১) রহস্যজনক মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ আজ মঙ্গলবার দুপুর ১২টায় তুষ্টির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালের দিকে বাড়ির বাইরে থেকে তুষ্টির কান্নাকাটির শব্দ শোনা গেছে। বেলা সাড়ে ১১টায় বাথরুমে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত রায় জানান, মুজগুন্নী আবাসিক এলাকার ২২ নম্বর রোডের ৩৭৯ নম্বর বাসায় তুষ্টির আত্মহত্যার খবর পাওয়া যায়। গৃহকর্তা জানান, শিশুটি দেয়ালের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ বলেন, এলাকার লোকজন শিশুটির কান্না শোনার কথা বলায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় এলাকার লোকজন উত্তেজিত হয়ে চিকিত্সক দম্পতির ওপর চড়াও হয়। শেষে গৃহকর্তা আবদুল্লাহ জাফর ও তাঁর স্ত্রী উম্মে সায়মা শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।