খুলনায় চরমপন্থী নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর পশ্চিমপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে গুলি করার পর কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম মুকুল হোসেন (২৭)। পুলিশ ও মুকুলের পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে উপজেলার দামোদর গ্রামের কলোনীপাড়ার পশ্চিম পাশের সুনুরভিটা এলাকা থেকে গুলির শব্দ পাওয়া যায়। পরে এলাকাবাসী সেখানে গিয়ে পিঠে গুলি ও কপালে দায়ের কোপের আঘাতসহ মুকুলের লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ ও একটা রামদা উদ্ধার করেছে। মুকুলের বিরুদ্ধে ফুলতলা থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে। আড়াই মাস আগে তিনি করাগার থেকে জামিনে মুক্তি পান।মুকুলের ছোট ভাই সৈয়দ হাসিবুল ইসলাম (২৪) বলেন, ‘রাত নয়টার দিকে ভাত খাওয়া অবস্থায় মুকুলকে দুজন লোক এসে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ শুনি। আমরা গিয়ে দেখি, তাঁকে পেছন থেকে গুলি করা হয়েছে।’ ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াজ ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুকুলের ভাই সৈয়দ মোতাহারুল ইসলাম একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।