খুলনায় চরমপন্থী সংগঠনের প্রচারপত্র উদ্ধার
খুলনা সদর থানা পুলিশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ‘ইসলাম মুসলিম ও জনযুদ্ধ’ নামক একটি চরমপন্থী সংগঠনের বিপুল পরিমাণ প্রচারপত্র (লিফলেট) উদ্ধার করেছে।আজ বৃহস্পতিবার সকালে নগরের লোয়ার যশোর রোডে শঙ্খ মার্কেটের দ্বিতীয় তলায় খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ফাঁকা স্থান থেকে এই প্রচারপত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রচারপত্রে অন্যান্য বক্তব্যের পাশাপাশি ইসলাম মুসলিম ও জনযুদ্ধ একত্রিত হয়ে শ্রেণী শত্রু খতমের পথে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া যখন এগিয়ে চলেছে, তখন জঙ্গি সংগঠনগুলো এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। একাত্তরের যুদ্ধাপরাধীরা এসব জঙ্গিকে মদদ দিচ্ছে। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে। তবে যেকোনো মূল্যে আমরা বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করব।’খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস প্রচারপত্র ও বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। তবে বিষয়টি আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি।’এর আগে গত বুধবার রাত ১০টার দিকে ওই একই স্থান থেকে বোমা ও অল্প কিছু প্রচারপত্র উদ্ধার করা হয়। জর্দার কৌটায় লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা এবং তার পাশে কিছু প্রচারপত্র ছিল বলে সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে।