খুলনায় চালকের ব্যস্ততায় প্রাণ গেল পাঁচ যাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় দৌলতপুর-শাহপুর সড়কে আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। উপজেলার শলুয়া নামক স্থানে আজ সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শাহপুর থেকে নগর পরিবহনের একটি বাস খুব দ্রুতগতিতে খুলনায় আসার পথে শলুয়া নামক স্থানে একটি ট্রাককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ডুমুরিয়া উপজেলার লতা খামারবাড়ি এলাকার ময়না মণ্ডল (২০) ও তাঁর ছেলে কৌশিক মণ্ডল (৪), থুকড়া গ্রামের মর্জিনা বেগম (৪৫), দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা বিধানচন্দ্র ঢালী (৪০) ও বাসটির চালক বাবু (৪৫) নিহত হয়েছেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল বলেন, দুর্ঘটনায় বাসের চালক ও এক শিশুসহ পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিকিত্সার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করা হয়েছে।আহত যাত্রী নবীন মণ্ডল (৩৫) প্রথম আলোকে বলেন, ‘শাহপুরিত্তে বাসে উঠার পর দ্যাখলাম ড্রাইভার খুব জোরে চালাচ্ছে। আমি কলাম ভাই, এট্টু আস্তে চালান। সে কলে পাঁচ মিনিট লেট রয়ছে। তাই কয়ে আরও জোরে চালাতি থাকলে। শলুয়ার কাছে আইসে এট্টা ট্রাকেরে সাইড দিতে যাইয়ে আমাগে শেষ করে দেছে।’ প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা নুরুন্নবী খোকন বলেন, চালকেরা এভাবে সময় বাঁচাতে গিয়ে বহু মানুষের প্রাণ নিয়েছে। আজকের এ দুর্ঘটনার পর তাদের (চালক) দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।