খুলনায় চিংড়িতে অপদ্রব্য ঢোকানো হচ্ছে
খুলনা অঞ্চলের অসাধু চিংড়িচাষি ও ডিপো-মালিকেরা অধিক লাভের আশায় ওজন বাড়াতে আবারও চিংড়িতে আটা, জেলি, সাগুদানা, পাথর, লোহা ও কাচের টুকরা, মার্বেলসহ বিভিন্ন ক্ষতিকর অপদ্রব্য ঢোকাচ্ছেন ফলে এ অঞ্চল থেকে চিংড়ি রপ্তানি আবারও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, খুলনায় ১১ শতাধিক মাছের ডিপো রয়েছে। এর মধ্যে বেশ কিছুর অবস্থা তেমন ভালো নয়। খুলনা জেলা ও মহানগরের বিভিন্ন ডিপোয় চিংড়িতে সাগুদানা, বার্লি, জেলি, লোহা ও কাচের টুকরো ঢোকানো মাছ আটা মেশানো পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে এসব মাছ ওজন করে চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোয় বিক্রি করা হয়। ওই সব ডিপোতে চিংড়িতে ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছে কি না, তা শনাক্ত করার যন্ত্র চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলোয় নেই। তাই কারখানাগুলো সহজে ক্ষতিকর পদার্থ শনাক্ত করতে পারছে না। এর আগে খুলনার কয়েকটি চিংড়ি কারখানা ক্ষতিকর পদার্থ মেশানো চিংড়ি কিনে রপ্তানি করায় তা ফেরত আসে। এ জন্য একাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করে দিয়েছিল।৫ অক্টোবর ডুমুরিয়া উপজেলার মহিলা কলেজ মোড়ে র্যাব ও মৎস্য কার্যালয় যৌথ অভিযান চালিয়ে অপদ্রব্য ঢোকানো (পুশ) এক মণ বাগদা চিংড়ি আটক করে। উপজেলার উখরা গ্রামের মাছ ব্যবসায়ী শেখ এলাহী বক্স বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতে বসে বাগদা চিংড়ির ওজন বাড়াতে জেলি পুশ করে আসছিলেন। ওই দিন সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে ভ্যানযোগে দুই ঝুড়ি বাগদা চিংড়ি খুলনা নগরে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে র্যাব ও মৎস্য কর্মকর্তারা তা আটক করেন। এ ছাড়া ২৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপসা উপজেলার পূর্ব রূপসার কুতুব উদ্দিনের মাছের ডিপোতে অভিযান চালিয়ে ক্ষতিকর পদার্থ মেশানো নয় ঝুড়ি চিংড়ি জব্দ এবং ডিপো-মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে ১ আগস্ট পূর্ব রূপসার মিজানুর রহমানের ডিপো থেকে একই কারণে পাঁচ ঝুড়ি চিংড়ি জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৬ জুন একই অপরাধে পূর্ব রূপসার বেলায়েত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ১৯ জানুয়ারি পূর্ব রূপসার হাবিবুর রহমানের আট কেজি চিংড়ি নদীতে ফেলে দেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। ওই সব চিংড়িতে ক্ষতিকর পদার্থ মেশানো ছিল। ২৫ মে রূপসার বাগমারা গ্রামের বুলবুল হোসেনের দুই ড্রাম চিংড়ি একই কারণে নষ্ট করা হয়। তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করেন আদালত। ওই দিনই মোয়াজ্জেম আলমের চার ঝুড়ি চিংড়ি জব্দ এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ওই ছয় ডিপো-মালিক দাবি করেন, তাঁরা কেউ এখন আর ওজন বাড়াতে চিংড়িতে ক্ষতিকর পদার্থ মেশান না।চিংড়িতে বার্লি, সাগু ও কাচ মেশানো সম্পর্কে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, ‘চিংড়ি এ দেশের সম্পদ। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতি লাভের আশায় এতে ক্ষতিকর বিভিন্ন জিনিস মিশিয়ে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম ক্ষুণ্ন করছে। অসাধু ব্যবসায়ীদের এসব অপতৎপরতা রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন এবং চালাবেন।’খুলনা জেলা মৎস্য কর্মকর্তা নিত্যানন্দ দাস বলেন, ‘অপদ্রব্য পুশ ঠেকাতে অভিযান চলছে। অপদ্রব্য পুশ করা অনেক মাছই ইতিমধ্যে নষ্ট করা হয়েছে এবং অপরাধীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।’বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শেখ আবদুল বাকী বলেন, ‘চিংড়ির ওজন বাড়াতে সাগু, বার্লি ও জেলি পুশ করা হচ্ছে। তবে কাচের টুকরা, লোহা ও পাথরের টুকরো পুশ করা আগের তুলনায় কিছুটা কমেছে। বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিমায়িত চিংড়িতে যারা ওই সব জিনিস পুশ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে চিংড়িশিল্প ক্ষতির সম্মুখীন হবে এবং রপ্তানি বিঘ্নিত হবে।’