খুলনায় চিরনিদ্রায় শায়িত আবিদ
‘পাগলা হাওয়ার বাদল-দিনে পাগল আমার মন জেগে ওঠে...’ ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতায় কবিগুরুর গানটি গেয়ে ২০০৫ সালে অনেকটা হঠাৎ করেই আলোচনায় আসেন খুলনার ছেলে আবিদ শাহরিয়ার। নিজের গাওয়া গান নিয়ে তৃতীয় একক অ্যালবাম নব আনন্দে জাগোর কাজও শেষ করেছিলেন আবিদ। কিন্তু অ্যালবাম প্রকাশের আগেই চিরকালের জন্য ঘুমিয়ে গেছেন তিনি।গতকাল শনিবার রাতে খুলনার মাটির ঘরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী। অজস্র ফুলে ফুলে ঢেকে গেল কবর।কক্সবাজার সমুদ্রসৈকতে গত শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় গোসল করতে নেমে মারা যান ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার। একই ঘটনায় মারা গেছেন তাঁর সহকর্মী মোস্তাকিন (২৭) ও আশিক (২৮)।শহীদ মিনারে আবিদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা: শিল্পী আবিদের মরদেহ শহীদ মিনারে আসবে—এ খবরে গতকাল সকালে সেখানে উপস্থিত হয়েছিল শত শত মানুষ। আগতদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সংখ্যাধিক। লাশবাহী অ্যাম্বুলেন্সেটি এসে পৌঁছায় বেলা সোয়া ১১টার দিকে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা জানানো। সহপাঠী, বন্ধু ও ভক্তদের কান্নায় ভারী হয়ে ওঠে এ এলাকার পরিবেশ। তরুণ এ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী, নাট্যজন মামুনুর রশীদ, নাট্যব্যক্তিত্ব ও নির্মাতা আফজাল হোসেন, কণ্ঠশিল্পী নকীব খান, গীতিকার আসিফ ইকবাল, অভিনেতা আজিজুল হাকিম, জিনাত হাকিম, ক্লোজআপ ওয়ান তারকা মাহাদী, সাব্বির, পুতুলসহ আরও অনেকে।শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আবিদের মরদেহ নেওয়া হয় কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি কার্যালয়ের সামনে। এখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মোসাদ্দেক আলী, সংগীতশিল্পী খুরশিদ আলম, সংগীতজ্ঞ অনুপ বড়ুয়া, সুরকার প্রিন্স মাহমুদ, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, ক্লোজআপ তারকা রাজীব, রাশেদ, বিউটি, মেহরাব, রাশেদসহ আরও অনেকে। এরপর মরদেহ নিয়ে খুলনার দিকে যাত্রা শুরু হয়।আবিদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক, অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রামেন্দু মজুমদার, জেনারেল সেক্রেটারি মুনীর আহমেদ খান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ।খুলনা অফিস জানায়, শনিবার রাত সাড়ে আটটায় পরপরই আবিদের লাশবাহী গাড়ি খুলনায় এসে পৌঁছালে সবার মধ্যে এক হূদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মরদেহ প্রথমে বাড়িতে নেওয়া হয়। সেখানে কান্নার রোল পড়ে যায়। এরপর খুলনা শহীদ হাদিস পার্কে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নগরের মহেশ্বর পাশায় মিনাবাড়িতে নিয়ে শেষ জানাজা পড়ে পারিবারিক কবরস্থানে চোখের জলে আবিদকে চিরবিদায় জানানো হয়।এর আগে আবিদের শোকাতুর পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, সংরক্ষিত মহিলা সাংসদ নূর আফরোজ আলী, সাংসদ নজরুল ইসলামসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতা-কর্মীরা তাঁদের বাড়িতে উপস্থিত হন। মিনা মিজানুর রহমান ও কলেজশিক্ষক রমা রহমানের বড় ছেলে আবিদ খুলনা নগরের ১৮/১ মিয়াপাড়া প্রধান সড়কের পাশে ‘সুনীড়’ বাড়িতে বেড়ে উঠেছেন।নিখোঁজ আশিকের লাশ উদ্ধার: নিজস্ব প্রতিবেদক কক্সবাজার জানান, সমুদ্রসৈকতের কলাতলীর সি-ক্রাউন পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ কাজী আশিক মোস্তফার (২৩) লাশ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সৈকতের লাবণী পয়েন্ট থেকে উদ্ধার করেছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত কাজী আশিক ঢাকার রামপুরা এলাকার শিল্পী কে জি মোস্তফার ছেলে।স্থানীয় রবি লাইফগার্ডের পরিচালক ও ডুবুরি সৈয়দ নূর জানান, কয়েক দিন ধরে কলাতলী সৈকতে একটি গুপ্ত খালের সৃষ্টি হয়েছে। এই গুপ্ত খালে আটকা পড়ে আবিদ, আশিক ও মোস্তাকিন—এই তিন জনের মৃত্যু হয়।পর্যটন মোটেল শৈবালের ব্যবস্থাপক আবদুল হালিম তালুকদার জানান, গত বৃহস্পতিবার বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ৩০ জনের একটি দল দুই দিনের ভ্রমণে কক্সবাজার এসে ওই হোটেলে ওঠে।