খুলনায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সরকারি আযম খান কমার্স কলেজের সামনে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দুই দফা সংঘর্ষে ছাত্রদলের সাত নেতা-কর্মী ও পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে কলেজের সামনে সমবেত হতে থাকেন। সকাল সাড়ে ১০টায় কলেজের গেটের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলের নেতা রাকিবের ওপর হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ হামলার প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের পিটিআই মোড়ে মিছিল করতে গেলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় ছাত্রদলের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং তিন-চারটি গাড়ি ও পাঁচ-ছয়টি ইজিবাইক ভাঙচুর করেন। পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে।ছাত্রদল নগর শাখার সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ছাত্রলীগের হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। আহত ছাত্ররা হলেন রাকিব খান, বেল্লাল হোসেন, মো. সোহাগ, মুজাহিদুল ইসলাম, প্রিন্স ও লুবিন। তাঁদের মধ্যে রাকিব খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।ছাত্রলীগের নগর শাখার সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন বলেন, তাঁদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা বহিরাগত ব্যক্তিদের নিয়ে দুই দফা হামলা চালিয়েছেন। এ সময় ছাত্রদলের কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তিনি দাবি করেন, তাঁদের হামলায় ছাত্রদলের কেউ আহত হননি।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের নায়েক আলমগীর, সেপাই শাকিন, রহিম ও নজরুল এবং বাসচালক মকবুল হোসেন আহত হন। তিনি আরও বলেন, বিক্ষুব্ধ ছাত্রদের ছত্রভঙ্গ করতে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হচ্ছে।