খুলনার তেরখাদা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। দুজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাতজন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার তেরখাদা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ইমরান ফকির (৩২) তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এর আগে শুক্রবার রাত নয়টার পর তেরখাদা বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিবিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।ইমরান ফকির তেরখাদা ৫ নম্বর ইউনিয়নের তেরখাদা গ্রামের রতন ফকিরের মেজো ছেলে। দেড় বছরের এক মেয়ের জনক ইমরান তেরখাদা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, তেরখাদা ইউপি নির্বাচনে এবার চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম এবং আওয়ামী লীগের কর্মী এফ এম ওয়াহিদুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিন সমর্থন দেন শহিদুলকে এবং ওয়াহিদুজ্জামানকে সমর্থন দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা এবং তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু।সম্প্রতি শহিদুলের চাচাতো ভাই রবিউল ইসলাম ওরফে লাখু নির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামানকে সমর্থন দেন। ওয়াহিদুজ্জামানের সমর্থকেরা গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে তেরখাদা বাজার এলাকায় রবিউলের বাড়ি যান। তাঁরা রবিউলকে তাঁদের সঙ্গে প্রচারে যোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় শহিদুল ও তাঁর সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে ওয়াহিদুজ্জামানের সমর্থক ছাত্রলীগ নেতা ইমরান ও তাঁর সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে যোগ দেয়। চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ। শোনা যায় কয়েকটি গুলির শব্দ। বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। কিছুক্ষণ পর তেরখাদা থানার পুলিশ এসে ২২টি ফাঁকা রাবার বুলেট ও একটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ইমরান, তাঁর বড় ভাই সাহেব আলী (৩৮) ও মাহাবুব (৩৩) গুলিবিদ্ধ হন। আহত হন ওয়াহিদুজ্জামানের সমর্থক মনির (২০), ইখতিয়ার শিকদার (২৮), কাশেম (২৫) এবং শহিদুলের সমর্থক সরদার ইমান হোসেন (৫৫) ও ফরিদ (৩৫)। গুলিবিদ্ধ তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়। আহত অন্যদের তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।গুলিবিদ্ধ সাহেব আলী অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ শহিদুল ইসলাম, তাঁর ভাই ওবায়েদসহ আরও তিন- চারজন তাঁদের ওপর গুলি করে। এতে তাঁর ছোট ভাই ইমরান নিহত হয় এবং তাঁরা দুজন গুলিবিদ্ধ হন। আওয়ামী লীগের নেতা সরফুদ্দিন বিশ্বাসও অভিযোগ করেন, চেয়ারম্যান প্রার্থী শেখ শহিদুল নিজ হাতে ওয়াহিদুজ্জামানের সমর্থকদের ওপর গুলি করেছেন। তিনি জানান, তেরখাদার বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল দুর্নীতির কারণে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ কারণে তাঁরা এবারের নির্বাচনে ওয়াহিদুজ্জামানকে সমর্থন দেন।এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী শেখ শহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে সাংসদ মোল্লা জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় আমরা চেয়ারম্যান প্রার্থী শেখ শহিদুলকে সমর্থন দিয়েছি। কিন্তু দলীয় নেতা মোস্তফা রশিদী ও সরফুদ্দিন বিশ্বাস আওয়ামী লীগের মধ্যে গ্রুপিং সৃষ্টি করছে এবং এ কারণেই এই হতাহতের ঘটনা ঘটেছে।’তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, ঘটনার পরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।