খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপ্তি
নানা আয়োজনের মধ্য দিয়ে ২৭ জুলাই, মঙ্গলবার খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১০ শেষ হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্রকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মনিরুজামান খান। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাসানুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সহসভাপতি সেখ মো. আবদুল বাকি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির পরিচালক এস হুমায়ুন কবীর, মৎস্যচাষি সমিতির সভাপতি শামসুর রহমান, মৎস্যজীবী নুর মোহাম্মদ শিকদার ও শাকিল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা নিত্যানন্দ দাস।আলোচনা শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলায় মৎস্য ক্ষেত্রে অবদানের জন্য শ্রেষ্ঠ ব্যক্তিদের এবং স্কুলে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। শেষে বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের শিল্পীরা পটগান পরিবেশন করেন।জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ উপলক্ষে খুলনায় ২১ জুলাই মৎস্য সপ্তাহের উদ্বোধন, শোভাযাত্রা ও আলোচনা সভা, ২২ জুলাই মৎস্য চাষ প্রশিক্ষণ, ২৪ জুলাই সেমিনার, ২৫ জুলাই মৎস্য প্রকল্প প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২৬ জুলাই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।