খুলনায় জামায়াতের ৩ নেতা-কর্মী আটক
খুলনা শহরের প্রেসক্লাব চত্বর থেকে আজ মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর তিন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলা উত্তর শাখার সহকারি সেক্রটারি মুন্সী মইনুল ইসলাম, খুলনা সদর থানার সভাপতি আজিজুর রহমান ও নগর জামায়াতের সদস্য কাজী ইয়াসিনউদ্দিন।জানা গেছে, আজ দুপুর সোয়া ১২টার দিকে ওই তিন ব্যক্তি সংবাদ সম্মেলনে যোগ দিতে খুলনা প্রেসক্লাব চত্বরে পৌঁছালে পুলিশ তাঁদের আটক করে।নগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রেসক্লাবের মতো স্বাধীন মতপ্রকাশের স্থানে সাংবাদ সম্মেলন করতে গিয়ে এ ধরনের পুলিশি হয়রানির শিকার হওয়াটা চরম নিন্দনীয়। এটা সরকারের চরম ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ।’ তিনি অবিলম্বে ওই তিন নেতা-কর্মীর মুক্তির দাবি করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, বিনা অনুমতিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের নামে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় তাঁদের গ্রেপ্তার করা হয়।