খুলনায় ঝুঁকি নিয়ে চলছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের ১০ জেলায় জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর অধিকাংশই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেকাংশের কার্পেটিং উঠে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে ফাটল। সড়কের অপ্রশস্ততা, নির্দেশক না থাকা ও বিভিন্ন স্থান উচুঁ-নিচু হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সওজ খুলনা অঞ্চলের (খুলনা ও যশোর সার্কেল) ৬৮টি জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ৩৩৩ দশমিক ৫৫ কিলোমিটার। ১১৫টি আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৫৫৯ দশমিক ২৫ কিলোমিটার। সংস্কারের অভাবে খুলনার ফুলতলা উপজেলা থেকে যশোর হয়ে মাগুরা পর্যন্ত ও খুলনা-মংলা মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। খুলনা-চুকনগর-সাতক্ষীরার খুলনা অংশের ৩৩ কিলোমিটার ও রূপসা-ফকিরহাট-বাগেরহাটের নয় কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এ ছাড়া খুলনা-সাতক্ষীরার ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কের গল্লামারী সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সাতক্ষীরার বাঁকাল মোড় থেকে ভোমরা বন্দর পর্যন্ত মহাসড়কটি পরিণত হয়েছে মেঠোপথে। ঝিনাইদহ থেকে বারোবাজার মান্দারতলা ও চুয়াডাঙ্গার সাধুহাটি পর্যন্ত জাতীয় মহাসড়ক দুটির অবস্থা আরও করুণ। এখানে সড়কের বেশির ভাগ স্থানে ফাটল ও গর্তের সৃষ্টি হয়েছে। অর্থ বরাদ্দ না থাকায় থমকে গেছে বাগেরহাট জেলার মহাসড়কের উন্নয়ন ও সংস্কারকাজ। চুয়াডাঙ্গা, নড়াইল ও কুষ্টিয়ার সড়কগুলোতেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচলব্যবস্থা। ঝিনাইদহে ঢাকা-খুলনা, ঢাকা-কুষ্টিয়া ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক পড়েছে। এ সড়কের ঝিনাইদহ থেকে বারোবাজার মান্দারতলা ও ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার সাধুহাটি পর্যন্ত সড়ক দুটির অবস্থা খুবই খারাপ। অনেক স্থানে রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত বর্ষা মৌসুমে সড়কের দুই পাশের মাটি সরে গর্তের সৃষ্টি হয়, যা আর ভরাট করা হয়নি। ঝিনাইদহ-যশোর ও ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কেরও কয়েকটি স্থানে ভেঙে গর্ত তৈরি হয়েছে। যানবাহনের চাপে কোথাও কার্পেটিং ধসে রাস্তার বাইরে চার থেকে পাঁচ ফুট নেমে গেছে। ঝিনাইদহ-যশোর সড়কের বিষয়খালী থেকে কালীগঞ্জ পর্যন্ত সড়কের দুই ধারে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যে গর্তের কারণে দুর্ঘটনা ঘটছে।চুয়াডাঙ্গা জেলার ১১৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের প্রায় অর্ধেকই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সওজ বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মাঝেমধ্যে সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই তা আবারও আগের রূপে ফিরেছে। অপ্রশস্ততার কারণে চুয়াডাঙ্গা থেকে হাসাদহ বাজার পর্যন্ত মহাসড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ায় জাতীয় মহাসড়ক রয়েছে ৪৯ দশমিক ২০ কিলোমিটার। আঞ্চলিক মহাসড়ক আল্লাদিপুর রাজবাড়ি পাংশা কুমারখালি, পোড়াদহ-আলমডাঙ্গা সড়ক, ভেড়ামারা-দৌলতপুর সড়কের কার্পেটিং উঠে গেছে অনেক আগেই। মেহেরপুরে প্রায় ৭০ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযুক্ত হয়ে রয়েছে। মেহেরপুর থেকে কুষ্টিয়া যাওয়ার সড়কটিতেও যানচলাচল হুমকির মুখে পড়েছে। সংস্কারের অভাবে সাতক্ষীরার জাতীয় মহাসড়কও একপ্রকার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শহরের বাঁকাল মোড় থেকে ভোমরা বন্দর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জাতীয় মহাসড়কটি এখন মেঠোপথে পরিণত হয়েছে। ভোমরা বন্দর সংলগ্ন তিন কিলোমিটার সড়কে গর্ত হয়ে একেবারেই চলাচলের অনুযোগী হয়ে পড়েছে। তালা উপজেলার মদনপুর থেকে মীর্জাপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার আঞ্চলিক সড়কটি প্রতি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। ইলিশপুর থেকে সাতক্ষীরা শহর পর্যন্ত ২৭ কিলোমিটার সড়কটিও সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় বাগেরহাটে জাতীয় মহাসড়ক ও দুটি আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ থমকে আছে। খুলনা-মংলা জাতীয় মহাসড়ক, নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর, রূপসা-ফকিরহাট-বাগেরহাট ও নওয়াপাড়া-ফকিরহাট-মোল্লাহাট আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয় আইলা ও সিডর এবং ভারী যানবাহনের চাপে। নড়াইলের রূপগঞ্জ বাঁধাঘাট থেকে গোবরা বাজার পর্যন্ত, পুরোনো বাস টার্মিনাল থেকে শিঙ্গাশোলপুর বাজার, নড়াইল ফেরিঘাট থেকে কালনা ফেরিঘাট, লোহাগড়া জয়পুর থেকে লাহুড়িয়া বাজার, কালিয়া কলেজ মোড় থেকে চাপাইল ফেরিঘাট, কালিয়া ফেরিঘাট থেকে খুলনা সেনের বাজার সড়কের অবস্থা খুবই করুণ।মাগুরায় জাতীয় মহাসড়ক রয়েছে মোট ৪৬ কিলোমিটার। ৩১ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়ক রয়েছে মাত্র একটি। জাতীয় এ মহাসড়কের শ্রীপুর-ওয়াপদা-রামনগর-মাগুরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভায়না মোড়-কাটাখালি বাজার-জাগলা বাজার-আড়পাড়া ও সীমাখালি বাজার পর্যন্ত সড়ক দখলের কবলে পড়েছে। যশোর-মাগুরা জাতীয় মহাসড়কের কাটাখালি সেতুটি মাত্র ২৪ ফুট প্রশস্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে।সওজ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উল ইসলাম এই অঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর বেহাল দশার কথা স্বীকার করে বলেন, সড়কগুলোর নকশা করা হয়েছে ১০ দশমিক ২ টন ওজন ধারণের উপযোগী করে, আর যানবাহন চলছে ২০ টনেরও বেশি মালামাল নিয়ে। ফলে সড়কগুলো নির্মাণ বা সংস্কার করার পর দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারে কাছে সুপারিশ পাঠানো হয়েছে। তিনি জানান, এসব সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন শেখ আবু হাসান, খুলনা; আজাদ রহমান, ঝিনাইদহ; কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা; মনিরুল ইসলাম, যশোর; তৌহিদী হাসান, কুষ্টিয়া; শাহ আলম, চুয়াডাঙ্গা; আহাদ হায়দার, বাগেরহাট; তুহিন অরন্য, মেহেরপুর ও কবীর হোসেন, মাগুরা)