খুলনায় টেক্সটাইল পল্লি স্থাপনের কাজ বিলম্বিত হচ্ছে
বন্ধ হয়ে যাওয়া ‘খুলনা টেক্সটাইল মিলের’ যন্ত্রপাতি ও স্থাপনা বিক্রির টাকা দিয়ে ব্যাংক ঋণ পরিশোধের পর টেক্সটাইল পল্লি স্থাপনের কথা থাকলেও মিলটি বিক্রি করতে না পারায় তা সম্ভব হচ্ছে না। গত এক বছরে ছয়বার দরপত্র আহ্বান করেও প্রত্যাশিত দর না পাওয়ায় যন্ত্রপাতি বিক্রি করতে পারেনি মিল কর্তৃপক্ষ। সে কারণে তারা স্থাপনাও বিক্রি করতে পারছে না। ফলে মিলের কাছে রূপালী ব্যাংকের পাওনা দুই কোটি আট লাখ টাকাও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।মিল সূত্রে জানা যায়, মিলটি বন্ধ হওয়ার পর ১৯৯৯ সালের ১৮ অক্টোবর একনেকের সভায় সেখানে টেক্সটাইল পল্লি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের কাজ ২০০০ সালের জুলাইয়ে শুরু হয়ে ২০০২ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু টেক্সটাইল মিল চালু থাকা অবস্থায় রূপালী ব্যাংকের খুলনা কে ডি ঘোষ রোড শাখা থেকে এক কোটি ৫০ লাখ টাকা ঋণ নেওয়া হয়েছিল। পরে মিলটি বন্ধ হয়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ মিলের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ে মামলা করে। সুদাসল মিলিয়ে মিলটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে দুই কোটি আট লাখ ৭৫ হাজার টাকা। ব্যাংকের টাকা পরিশোধ না করা পর্যন্ত মিলের জায়গায় অন্য কিছু করা যাবে না বলেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছর পাট ও বস্ত্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে মিলের অস্থাবর সম্পদ (যন্ত্রপাতি ও স্থাপনা) বিক্রির মাধ্যমে ব্যাংকের পাওনা টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। গত সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের টাকা পরিশোধ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এখন টাকা পরিশোধের সময়সীমা বর্ধিত করার ব্যাপারে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মিলের স্থাপনার মধ্যে রয়েছে ফ্যাক্টরি ভবন, মিলের কার্যালয় (অফিস) ভবন, দুটি গোডাউন, রেস্ট হাউস ও স্টাফ কোয়ার্টার।খুলনা টেক্সটাইল মিলের ব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, ২০০৯ সালের সেপ্টেম্বরে মিলের উইভিং ও স্পিনিং মেশিন বিক্রির জন্য প্রথম দরপত্র আহ্বান করা হয়। পঞ্চমবারের টেন্ডারে ৭৯ লাখ টাকায় উইভিং মেশিন বিক্রির সিদ্ধান্ত হয়েছে। প্রায় ১৫ দিন আগে মেশিনটি ঠিকাদারকে প্রদানের কার্যাদেশ দেওয়া হয়। এ জন্য ঠিকাদার বেশ কিছু টাকাও ব্যাংকে জমা দিয়েছেন। বাকি টাকা দেওয়ার পর ওই ঠিকাদার মেশিনটি নিয়ে যেতে পারবেন। তারা স্পিনিং মেশিন বিক্রির জন্য গত এক বছরে ছয়বার দরপত্র আহ্বান করেও প্রত্যাশিত দর পাওয়া যায়নি। মেশিনটির বুক ভ্যালু ধরা হয়েছে এক কোটি ৮০ লাখ টাকা। গত ৫ সেপ্টেম্বর সর্বশেষ দরপত্রে সর্বোচ্চ দর পাওয়া গেছে এক কোটি ৫৫ লাখ টাকা। মেশিনটি বিক্রির ব্যাপারে মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে। স্পিনিং মেশিন বিক্রি না হওয়া পর্যন্ত মিলের স্থাপনাগুলোও বিক্রি করা সম্ভব নয়।নগরের নিউমার্কেটের পাশে ১৯৩১ সালে টেক্সটাইল মিল প্রতিষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ১৯ জুন লোকসানি প্রতিষ্ঠান হিসেবে সরকার মিলটি বন্ধ ঘোষণা করে এবং দেড় সহস্রাধিক শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করে।