খুলনায় ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার মেসাগোনা ফায়ার ব্রিগেডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভাড়ায় মোটরসাইকেলচালক ডুমুরিয়ার বান্দা গ্রামের সম্মেলন বিশ্বাস (২০) এবং দুই যাত্রী একই গ্রামের রুদ্র বিশ্বাস (৫০) ও তাঁর স্ত্রী রঞ্জিতা বিশ্বাস (৪০)। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, ডুমুরিয়া থেকে সম্মেলন বিশ্বাস তাঁর মোটরসাইকেলে করে দুই যাত্রী রুদ্র ও তাঁর স্ত্রীকে নিয়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ডুমুরিয়া উপজেলার মেসাগোনা ফায়ার ব্রিগেডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। পরে পেছনে থাকা আরেকটি ট্রাকও তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।