খুলনায় ঢিলেঢালা হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝটিকা মিছিল ও বিক্ষিপ্তভাবে পিকেটিং চেষ্টার মধ্য দিয়ে আজ বুধবার খুলনায় জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রাস্তায় বড় গাড়ি না চললেও অটোরিকশা, ইজিবাইক রিকশাসহ অন্যান্য যানবাহনে চড়ে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেছে। সকাল ১০টার পর থেকে চলাচলে আর কোথাও কোনো প্রতিবন্ধকতা দেখা যায়নি। দুপুর ১২টার দিকে ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী একটি মোটরসাইকেল মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গ্রেপ্তার ও পুলিশের জুলুম-নির্যাতনের প্রতিবাদে জামায়াতে ইসলামীর খুলনা জেলা ও নগর কমিটির ডাকে এ হরতাল পালিত হয়।হরতালের সমর্থকেরা ভোরে খুলনা-যশোর মহাসড়কের শিরোমনি এলাকায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে পিকেটিংয়ের চেষ্টা করে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরিয়ে নেয়। পশ্চিম রূপসা মোড়, ময়লাপোতা মোড়, নতুন রাস্তা মোড়, বসুপাড়া মোড়, জিরো পয়েন্ট মোড়ে পিকেটাররা টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। আর সকাল সাড়ে ছয়টায় খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের দুটি বাস, সাতটায় বয়রার পুঁজাখোলা মোড়ে একটি ট্রাক, পৌনে আটটায় নগরের ট্রাক স্ট্যান্ডের সামনে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস, আটটায় নতুন রাস্তা ও মজগুন্নি এলাকায় কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। সকাল ১০টার দিকে ফুলতলার বেজেরডাঙ্গ এলাকায় বাগানের মধ্য থেকে হঠাত্ কয়েক যুবক বের হয়ে খুলনাগামী কালনা পরিবহনের বাস ভাঙচুর করেছেন। হরতালের সমর্থকরা সকালে গোয়ালখালী এলাকায় পুলিশের গাড়িতেও হামলা চালায়। ওই সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।সকাল সাতটার দিকে হরতালের সমর্থনে নগর জামায়াতের আমির আবুল কালাম আজাদের নেতৃত্বে নগরের রূপসা এলাকায় একটি মিছিল বের হয়। এ ছাড়া সকাল থেকেই হরতালের সমর্থক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ভিন্ন কৌশলে নগরের বয়রা, খালিশপুর, ময়লাপোতা, নীরালা, বসুপাড়াসহ কয়েকটি স্থানে কয়েকজন মিলে মাঝেমধ্যে ঝটিকা মিছিল বের করে।খুলনা নগর জামায়াতের আমির বলেন, জনপ্রিয় নেতা গোলাম পরওয়ার গ্রেপ্তারের প্রতিবাদে আহুত হরতালে খুলনাবাসী সহযোগিতা করায় হরতাল সফল হয়েছে। তবে পুলিশ বিভিন্ন থানা এলাকা থেকে এখন পর্যন্ত ৩০ জনকে আটক করেছে। খুলনা নগর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলিমুজ্জামান বলেন, হরতাল উপলক্ষে নগরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে পিকেটিংসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত খুলনা সদর থানায় ১০ জন, সোনাডাঙ্গা থানায় তিন জন, খালিশপুর থানায় একজন, দৌলতপুর থানায় চারজন ও ফুলতলা থানায় একজনকে আটক করা হয়েছে।