খুলনায় তিন প্রার্থীরই টাকা ছড়ানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ বৃহস্পতিবার খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের তিন মেয়র পদপ্রার্থীই পাল্টাপাল্টিভাবে টাকা ছড়ানোর অভিযোগ করেছেন। দুই মেয়র পদপ্রার্থীর অভিযোগের বিষয় ছিল অপপ্রচার। এ ছাড়া দুজন প্রার্থী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ না হওয়ার কিছুটা আশঙ্কা প্রকাশ করেছেন। অভিযোগের পাল্লা সবচেয়ে বেশি ছিল বিএনপি এবং ১৮ দল-সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষের। তাঁর পক্ষে বিএনপির সাংসদ নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থী নির্বাচনী আচরণবিধি মানছেন না। নির্বাচন কমিশন কলের পুতুল হয়ে কাজ করছে। সেখানে তাঁরা যে অভিযোগ করছেন, তা শুধু শোনা হচ্ছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশ এখনো নিষ্ক্রিয় বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচনী কাজ করার সময় তাঁদের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করা হয়। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। সাংসদ নজরুল বলেন, ‘বরিশালে বিএনপি প্রার্থীর সহকারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় খুলনায় আমরা বিপর্যস্ত বোধ করছি।’আজ বিকেলে নগরের মোহসীন রোডের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নজরুল ইসলাম বলেন, নগরের কতগুলো বস্তিতে কালোটাকা ছড়ানোর চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান নগরে এসে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন বলে তাঁদের কাছে খবর আছে।নজরুল ইসলামের অভিযোগের বিষয়ে কেসিসির রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক বলেন, বিএনপি এ পর্যন্ত যেসব অভিযোগ করেছে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও তাঁরা অভিযোগ করলে করার কিছু নেই। মন্নুজান সুফিয়ানের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনে জানানো হয়েছে। কালোটাকা ছড়ানোর বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আসেনি বলেও জানান তিনি। নগরে সন্ত্রাস ছড়ানো হচ্ছে—বিএনপি সাংসদের এমন অভিযোগের বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুর রহমান বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী ও মামলার আসামি ছাড়া কাউকে ধরা হয়নি। পুলিশ নিষ্ক্রিয় নয় বলে দাবি নগর পুলিশের কর্তার। তিনি জানান, এ পর্যন্ত মোট আটজন তালিকাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে খুলনা প্রেসক্লাবে সম্মিলিত নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক তাঁর বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ও অপবাদ দিয়ে পত্রিকায় সংবাদ ছাপিয়ে এবং লিফলেট ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। বিএনপি ধর্মীয় উসকানিমূলক নানা অপপ্রচার চালাচ্ছে—সাবেক মেয়রের পাল্টা অভিযোগ। তিনি বলেন, এসব আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ বিষয় তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন। তবে আওয়ামী লীগের নেতা খালেক বলেন, ‘কালোটাকা কোনখানে আছে তা জানি না। কালোটাকা দিয়ে নির্বাচন কোনো দিন করিনি, করব না।’ তিনি বরং তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ করেন।খুলনা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলাম বাকি দুই মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে কালোটাকা ছড়ানোর অভিযোগ এনে বলেন, তাঁরা দুজনই পরিকল্পিতভাবে ভোটারদের মাঝে অপপ্রচার চালাচ্ছেন যে তিনি নাকি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের অপপ্রচার করে তাঁর জয়যাত্রা থামানো যাবে না। খুলনার উন্নয়নের স্বার্থে তিনি যেকোনো মূল্যে নির্বাচন করবেন। তবে এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে তিনি কিছুটা শঙ্কিত। শফিকুল ইসলামের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তালুকদার আবদুল খালেক ও বিএনপির সাংসদ নজরুল ইসলাম।