খুলনায় দুই নেতা নির্বাচন করছেন কারাগারে বসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন দুজন কাউন্সিলর প্রার্থী। তাঁরা হলেন কেসিসির ১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ও নগর ছাত্রদলের সদস্য মশিউর রহমান। তাঁরা হরতালে ভাঙচুর ও সরকারি কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশারেফ হোসেন বলেন, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক কোনো রীতিনীতি মানছে না। নির্বাচন সামনে রেখে তারা গ্রেপ্তার কর্মকাণ্ড চালাচ্ছে। আশা করি, জনগণ সরকারের কর্মকাণ্ড বুঝতে পারবে এবং সাজ্জাদকে ভোট দেবে।’ নির্বাচনে সাজ্জাদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর স্ত্রী সুমনা পারভিন। আর মশিউর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নগর ছাত্রদলের কর্মীরা। সুমনা পারভিন বলেন, ‘আমার স্বামী গাড়ি পোড়াতে যাননি। তার পরও মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ নগর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম কাফি বলেন, মশিউর গত নির্বাচনে অংশ নিয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। এবার তিনি আশাবাদী।