খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্যালক ও বোনজামাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগরে আজ রোববার বিকেলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. হায়দার আলী ওরফে কানা হায়দার (৪২) ও তরিকুল ইসলাম ওরফে পিকু (৩০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক। দুর্বৃত্তদের হামলায় হায়দারের স্ত্রী মর্জিনা বেগম (৩৭) গুরুতর আহত হন। খুলনা মহানগরে বানরগাতি মেটেপোল এলাকার মৃত ফারুক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।হায়দার হাসপাতালে নেওয়ার পথে এবং পিকু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান। মর্জিনাকে হাসপাতালের শল্য বিভাগে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিত্সকদের সূত্রে জানা গেছে। পারিবারিক কলহ ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা যায়, বিকেল তিনটার দিকে মর্জিনা নিজের ঘরে স্বামী হায়দার, ভাই পিকু ও ছোট্ট ছেলে মাহফুজকে নিয়ে দুপুরে খাবারের জন্য আয়োজন করছিলেন। এ সময় তিন যুবক ঘরে প্রবেশ করেই অতর্কিতে ধারালো ছুরি হাতে হায়দারের বুকে ও পেটে আঘাত করে। এ সময় স্ত্রী মর্জিনা ও শ্যালক পিকু বাধা দিলে তাঁদেরও বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। তাঁরা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে চিত্কার করতে থাকেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তিন দুর্বৃত্ত দৌড়ে পালিয়ে যায়।প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পথে হায়দার মারা যান। বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের শল্য বিভাগে চিকিত্সাধীন অবস্থায় পিকুও মারা যান। একই বিভাগে ভর্তি রয়েছেন আহত মর্জিনা বেগম।সোনাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত হায়দার মহানগরে তালিকাভুক্ত চোরাই মোটরসাইকেল সিন্ডিকেটের নেতা। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। কয়েক বছর আগে তেরখাদায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েন। গ্রামবাসী তাঁর চোখ উপড়ে ফেলেছিল। আর নিহত পিকু মেটেপোল বাজারে মেসার্স পিকু টেলিকম নামের ফোন-ফ্যাক্সের দোকান দিয়ে ব্যবসা করতেন।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার পরপর নিহত হায়দারের ঘর থেকে তাঁরই পূর্বপরিচিত রাজু নামের এক চিহ্নিত সন্ত্রাসী ও দুই অজ্ঞাতনামা যুবককে বের হতে দেখা গেছে। পুলিশ খুনিদের খুঁজতে অভিযানে নেমেছে বলে জানান।