খুলনায় নর্দান ইউনিভার্সিটিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় নর্দান ইউনিভার্সিটির নাম পরিবর্তন নিয়ে ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় নয়জন শিক্ষার্থীসহ ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী সূত্রে জানা গেছে, কোনো আলোচনা ছাড়াই কর্তৃপক্ষ খুলনায় নর্দান ইউনিভার্সিটির মালিকানা পরিবর্তন করে এর নাম বদলে ফেলেছে। এখন থেকে অক্সব্রিজ ইউনির্ভাসিটি হিসেবে পরিচিতি পাবে প্রতিষ্ঠানটি। ফলে বিবিএ, এলএলবি, ইএলএল ও এমবিএ কোর্সের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।আজ সকালে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বেলা ১১টার দিকে ইউনিভার্সিটির তথ্যকেন্দ্র ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা প্রশাসন কক্ষ, তথ্যকেন্দ্র ও কনফারেন্স কক্ষে ব্যাপক ভাঙচুর চালান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুরে বাধা দিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীসহ ১১জন আহত হয়েছে। পরে খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।ইএলএল বিভাগের প্রধান আনোয়ারুল করিম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে এরই মধ্যে ঢাকায় মূল ক্যাম্পাসের ভাইস চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামী দুই দিন ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।