খুলনায় নৈশপ্রহরী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্রের স্টাফ কোয়ার্টার্সে গতকাল মঙ্গলবার গভীর রাতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ কেন্দ্রের নৈশপ্রহরী মিরান চন্দ্র মণ্ডল (৫০) ও তাঁর স্ত্রী রেবা রানী মণ্ডলকে (৪২) তাঁদের শয়নকক্ষে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। নিহত মিরান পরিবারসহ বিদ্যুৎ কেন্দ্রের স্টাফ কোয়ার্টার্সের এন/এফ, ফ্ল্যাট-৫-এ বসবাস করতেন। হত্যাকাণ্ডের সময় পাশের ঘরে মিরান চন্দ্রের দুই ছেলে ঘুমিয়ে ছিল। তাঁদের নাম রাজীব ও সজীব। তাঁদের মধ্যে রাজীব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সজীব বিদ্যুৎ কেন্দ্র স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁরা হত্যাকাণ্ডের সময় কিছুই টের পাননি বলে জানিয়েছেন। আজ বুধবার সকালে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে তাঁরা বাবা ও মাকে মৃত অবস্থায় দেখতে পান। পুলিশ খাটের নিচ থেকে একটি দা, শিল ও নোড়া উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ওই দা দিয়েই তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। সহকারী পুলিশ কমিশনার (এএসসি) আনিসুর রহমান বলেন, হত্যাকাণ্ডটি রহস্যময়। বিদ্যুৎ কেন্দ্র এলাকায় নিরাপত্তা যথেষ্ট জোরালো ছিল। ভেতর থেকে না বাইরে থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করা হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, লাশের সুরতহাল পরীক্ষা চলছে। লাশ মর্গে পাঠানো হবে।